দানুশকা গুনাথিলাকা
অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা অভিযুক্ত হয়েছিলেন ধর্ষণের অভিযোগে। কিন্তু বৃহস্পতিবার তাঁকে অনেকটাই স্বস্তি দিল সিডনি। গত বছর তাঁর বিরুদ্ধে চারটি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। তার মধ্যে তিনটি অভিযোগই প্রত্যাহার করা হল। গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়াই যৌনতার চারটি অভিযোগ জমা পড়েছিল যার জন্য ৩২ বছর বয়সী ক্রিকেটারকে সিডনি পুলিশ গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় টিম হোটেল থেকে গ্রেফতার করেছিল। তবে সিডনির আদালতে পাবলিক প্রসিকিউটর তিনটি অভিযোগ প্রত্যাহার করে নেন। পুলিশ জানিয়েছে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে শ্রীলঙ্কান ব্যাটার এবং ২৯ বছর বয়সী মহিলার দেখা হয়েছিল। তাঁদের দেখা হওয়ার পর, দু’জনে সিডনির রোজ বে-তে মহিলার বাড়িতে যান যেখানে গুনাথিলাকা তাঁকে শ্বাসরোধ করে এবং ধর্ষণ করে বলে অভিযোগ।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, “পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টরের প্রসিকিউটর হফ বাডিন আদালতকে বলেছেন, একটি অভিযোগ প্রমাণিত হয়েছে কিন্তু বাকি তিনটি সম্মতি ছাড়াই যৌন মিলনের অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।”
ডাউনিং সেন্টারের স্থানীয় আদালতে দাখিল করা পুলিশের তথ্য পত্র অনুসারে অবশিষ্ট অভিযোগটি হল যে শ্রীলঙ্কান “জোরপূর্বক” যৌন সংসর্গে লিপ্ত হয়েছিলেন, সেই সময় তিনি “২০ থেকে ৩০ সেকেন্ডের জন্য তার গলা এক হাত দিয়ে চেপে রেখেছিলেন যাতে তাঁর শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা হয়।” যাতে জীবন সংশয়ের পরিস্থিতি তৈরি হয় সেই মহিলার কিন্তু কোনওভাবেই সেই জায়গা ছেড়ে তিনি পালাতে পারেননি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দলে ছিলেন গুনাথিলাকা। তিনি শুধুমাত্র নামিবিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচেই খেলেছিলেন। হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
গুনাথিলাকা, যিনি আটটি টেস্ট, ৪৭টি ওয়ান ডে এবং ৪৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন, তিনি বিতর্কের জন্য অপরিচিত। ২০২১-এ সতীর্থ কুশল মেন্ডিস এবং নিরোশান ডিকওয়েলার সঙ্গে ইংল্যান্ড সফরে দলের জৈব-সুরক্ষিত বুদবুদ ভাঙার দায়ে তাকে দল থেকে নির্বাসিত করা হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
