জয়ের পর লখনউ। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারও ব্যর্থতার অজুহাত হাতড়ে বেড়ালেন। এক্ষেত্রে লখনউ ভালো ব্যাট করেছে, মার্ক উড ভালো বল করেছেন বলে প্রতিপক্ষকে কৃতিত্ব দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর। তবে ইঙ্গিতে শুনিয়ে রাখতে ছাড়লেন না যে, কাইল মায়ের্সের ক্যাচ ছাড়ার বড়সড় মাশুল দিতে হয়েছে দলকে।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার কারণগুলি তুলে ধরেন। তিনি বলেন, “মায়ের্সের ওই ক্যাচ মিসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। কেউই ক্যাচ মিস করতে চায় না। তবে ওখান থেকেই ম্যাচের মোড় কিছুটা ঘুরে যায়। তার জন্য লখনউয়ের কৃতিত্বকে অস্বীকার করা যাবে না। ওরা এমন একটা পিচে দুর্দান্ত ব্যাট করে, যেখানে আমার মনে হয়েছিল ১৭০ রান উঠতে পারে। আমরা পার্টনারশিপ গড়তে পারিনি, যদিও তাতে মার্ক উডের কৃতিত্বকে এতটুকু খাটো করা যাবে না। ও একজন ব্যতিক্রমী বোলার। আজ ও নিজের প্রতিভা ও অভিজ্ঞতার যথার্থ ছাপ রেখেছে।’
উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ১৯৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিল্লির সামনে দেয় লখনউ। কাইল মেয়ার্স একাই ৩৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি মোট ২টি চার ও ৭টি ছক্কা মারেন।মায়ের্সের এই ইনিংসের সুবাদেই ১৯০ টপকে যায় লখনউ, শেষমেশ যার নাগাল পাওয়া সম্ভব হয়নি দিল্লির পক্ষে।
