অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছে, যেখানে দেবদত্ত পাডিক্কলের অভিষেক হয়েছে। খেলার দীর্ঘতম ফর্ম্যাটে দলের প্রতিনিধিত্বকারী ৩১৪তম খেলোয়াড় তিনি। পাড়িক্কল দলে জায়গা করে নিয়েছেন রজত পতিদারের জায়গায়। অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানান যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ক্রিকেটার সিরিজের চূড়ান্ত ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন। যদিও এখনও পর্যন্ত সিরিজে পতিদার নিজের সেরাটা দিতে পারেননি। ধর্মশালা টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে ব্যাটারকে সমর্থন করেছিলেন অধিনায়ক রোহিত।
রোহিত নিজেই জানিয়েছেন যে পতিদারের জায়গায় প্লেয়িং ইলেভেনে থাকবেন পাড়িক্কল। “আমরাও আগে ব্যাট করারই সিদ্ধান্ত নিতাম। এই সিরিজে এখন পর্যন্ত আমরা সত্যিই ভাল করেছি এবং শীর্ষে শেষ করার সুযোগ পেয়েছি। এই সিরিজের আগের খেলাগুলির চেয়ে এই পিচে ভাল বাউন্স হওয়া উচিত। ব্যাট করার জন্য ভাল পিচ এবং আমি মনে করি না এটার খুব বেশি অবনতি ঘটবে।”
এছাড়া দলে ফিরেছেন যশপ্রীত বুমরাহ। সেকারণে এই ম্যাচে দলের বাইরে যেতে হয়েছে আকাশ দীপকে। শেষ টেস্টে জোড়া পরিবর্তন করেই দল নামিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
“বুমরাহ ফিরে এসেছেন, আকাশ দীপ বাদ পড়েছে। গত সন্ধ্যায় পতিদার চোট পাওয়ায় দেবদত্ত পাড়িক্কলের অভিষেক হয়েছে,” রোহিত টসের সময় বলেন।
পতিদারের চোটের পরিস্থিতি বোর্ডের তরফে বলা হয়েছে , “৬ মার্চ, ২০২৪-এ টিম ইন্ডিয়ার অনুশীলনের সময় রজত পতিদার তার বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। খেলার সকালেও তিনি ব্যথা অনুভব করেন। এবং সে কারণে পঞ্চম টেস্টের জন্য তাঁকে দলে রাখা হয়নি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
