Cart Total Items (0)

Cart

All Sports
ধোনির বাইকের কালেকশন

অলস্পোর্ট ডেস্ক: মানুষ শখের দাস। সবারই কম-বেশি নানান শখ থাকে, কেউ বই সংগ্রহ করতে ভালোবাসেন তো কেউ পুরনো কয়েন বা ডাক টিকিট। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শখ বা পছন্দটা একটু অন্যরকম। তিনি ভালবাসেন বাইক সংগ্রহ করতে। রাঁচির ফার্মহাউসের ধোনির বাইকের কালেকশন দেখার মত।

এদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ সোশ্যাল মিডিয়ায় ধোনির বাইক সংগ্রহের কিছু ছবি তুলে ধরলেন। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বাইক ও গাড়ি দিয়ে সাজানো ধোনির রাঁচির ফার্মহাউস। প্রায় ১০০টিরও বেশি বাইক রয়েছে সেখানে। যা দিয়ে রীতিমতো একটি শোরুম তৈরি হয়ে যাবে বলে ভেঙ্কটেশের ধারণা।

প্রসাদ একটি ভিডিও টুইট করে লেখেন, ‘‘একজন মানুষ কতটা বাইকপাগল হলে এই রকম সম্ভার তৈরি করতে পারেন। যেমন দারুণ সংগ্রহ তেমন অবিশ্বাস্য ব্যক্তিত্ব। অনেক কিছু অর্জন করেছেন তিনি। তাঁর রাঁচির বাড়ির বাইক ও গাড়ির সংগ্রহের কিছু মুহুর্ত রইল। তাঁর শখ দেখে আমি অবাক হয়ে পড়েছি।’’

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, ধোনির স্ত্রী সাক্ষী ভেঙ্কটেশের কাছে জানতে চাইছেন, ‘‘রাঁচিতে প্রথমবার এসে কেমন লাগছে?’’

প্রসাদ উত্তরে বলেন, “দারুণ! তবে, রাঁচিতে আমার প্রথম আসা নয়। এই নিয়ে চতুর্থবার, কিন্তু এই জায়গাটিতে (এমএস ধোনির বাইকের সংগ্রহ) প্রথমবার এসেই আমি অবাক হয়ে যাচ্ছি।’’

আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল জোশীও এদিন ভেঙ্কটেশের সঙ্গে উপস্থিত ছিলেন ধোনির বাড়িতে। তিনিও ধোনির সংগ্রহ দেখে অবাক হয়ে যান। তিনি বলেন, “রাঁচিতে প্রথমবার নয়, তবে কিংবদন্তির সঙ্গে প্রথমবার। এই পুরো জায়গাটির সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারব না।”

প্রসাদ এমনকী বলেছেন যে, একজন কতটা ‘পাগল’ হতে পারে এতগুলি বাইক কেনার জন্য। ‘‘এটি একটি বাইকের শোরুম হতে পারে। এতকিছু করার জন্য কারও সত্যি প্যাশন থাকা দরকার, আমি বলছি,” প্রসাদ বলেন।

সাক্ষী উত্তরে বলেন ‘‘কেও পাগল হলেই এমন করে আমি তো বলব।’’

সাক্ষী ধোনিকেও জিঞ্জাসা করেন,‘‘কেন মাহি কেন? এসব করে কি পাও তুমি?’’

মাহি উত্তরে বলেন,‘‘ কারণ তুমি সবকিছু নিয়ে নিয়েছ, তাই আমার নিজস্ব কিছু থাকা তো দরকার। এটি সেই একমাত্র জিনিস আমার, যা রাখতে তুমিই অনুমতি দিয়েছ আমাকে।’’

যদিও ধোনির মোট কটি বাইক রয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি, তবে তাঁর পছন্দের কিছু নাম হল- রাজদূত, কাওয়াসাকি নিনজা, হার্লে ডেভিডসন, বা টিভিএস রনিন ক্রজার, ইত্যাদি।

সাক্ষী একবার মজা করে বলেছিলেন যে তার স্বামীর প্রিয় খেলনা হল বাইক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *