Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েলালেগা এশিয়া কাপ ২০২৫-এর সুপার ৪-এ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার শেষ গ্রুপ খেলার মাঝেই দলের কাছে তাঁর বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসে। সেই সময় তিনি ছেলের খেলাই দেখছিলেন। ম্যাচ শেষে দলের হেড কোচ সনথ জয়সূর্য তাঁকে এই কঠিন খবরটি দেন এবং পুরো দল সেই সময় তাঁর পাশে ছিল। পরদিন প্রথম বিমানেই দেশের উদ্দেশে উড়ে গিয়েছিলেন দুনিথ। সংশয় ছিল তিনি আর এশিয়া কাপে খেলবেন কি‌না, অন্তত্য তিনি যে বাংলাদেশ ম্যাচেই খেলার জন্য ফিরে আসবেন তেমনটা কেউ ভাবেননি। কিন্তু এটাই খেলার দুনিয়া। ব্যক্তিগত ক্ষতিকে সাময়িক দূরে সরিয়ে রেখে দেশের স্বার্থে নিজেকে উজার করে দেওয়া। আর এই অল্প বয়েসেই সেটা জানেন দুনিথ।

শ্রীলঙ্কা দলের ম্যানেজারের সঙ্গে দেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ওয়েলালাগে তাঁর পরিবারের সদস্যদের বিদায় জানানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ২০ সেপ্টেম্বর সকালেই পৌঁছান তিনি। দেলর প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রাসেল আর্নল্ড। আগের দিনও তিনি জানিয়েছিলেন, তাঁর প্রয়াত বাবাও ক্রিকেট খেলতেন। স্কুল ক্রিকেট খেলার সময় তাঁরা একে অপরের বিরুদ্ধে খেলেছেন। তবে জাতীয় দলের হয়ে কখনও খেলা হয়নি সিনিয়র ওয়েলালাগের। হয়তো সে কারণেই ছেলের খেলা নিয়ে অনেকবেশি আবেগী ছিলেন।

জানা গিয়েছে, তাঁর বাবার মরদেহ এখনও বাড়িতেই রাখা রয়েছে। এই অবস্থাতেই তিনি তাঁর দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে রওনা দেন। তাঁর বাবার শেষকৃত্য রবিবার কলম্বোতে সম্পন্ন হবে। তবে তাতে যোগ দিতে দুনিথ আবার দেশে ফিরে যাবেন কিনা তা জানা যায়নি এখনও।

দুনিথের বাবা সুরঙ্গা ওয়েলালাগে, একজন সম্মানিত ক্রিকেটার ছিলেন যিনি শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় স্কুল দলের একটির অধিনায়ক ছিলেন। প্রাক্তন এই অলরাউন্ডার বলেন, সুরঙ্গা এক সময়ে প্রিন্স অফ ওয়েলস কলেজের অধিনায়ক ছিলেন যখন আর্নল্ড সেন্ট পিটার্স কলেজের অধিনায়ক ছিলেন। শ্রীলঙ্কার প্রধান কোচ সনথ জয়সূর্য ওয়েলালাগে প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তাঁকে আশ্বস্ত করেছেন যে পুরো দেশের সমর্থন তাঁর প্রতি রয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *