Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: শেষ আশা ছিল রবিবার সিরিজের শেষ ম্যাচ।তিন ম্যাচের সিরিজের প্রথম জিতে আশা জাগিয়েছিল শুভমান ডিলের ভারতীয় দল। তার আগে শ্রেয়াস গিয়ারের নেতৃত্বে টি২০ সিরিজেও মুখ থুবড়ে পড়েছিল ভারত। আশা ছিল ওডিআই সিরিজ নিয়ে। কিন্তু সেখানেও হার মানতে হল ভারতীয় ক্রিকেট দলকে। তবে শেষ ম্যাচে শেষ পর্যন্ত লড়াই দিয়েছে দল। ৩৮৭ রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। যেখানে এই ম্যাচ ডু অর ডাই। রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালের রাতে যখন পুরো বিশ্ব ফুটবলে মেতে তখনই বিশ্বের আর এক প্রান্তে আরও একবার নিজেদের প্রমাণ করলেন সেই দুই নাম বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু সেটা যথেষ্ট ছিল না, ২৭ রানে শেষ ম্যাচ হেরে ১-২-এ সিরিজে হারতে হল ভারতকে।

এদিন লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন ইংল্যান্ড ব্যাটাররা। দলের টপ অর্ডারই দলকে ৩০০ রান পার করে দিয়েছিল। যাঁদের থামাতে ব্যর্থ ভারতীয় বোলিং। বেন ডাকেট আর জ্যাকব বেথেলের ওপেনিং জুটিতেই ইংল্যান্ড ১৯২ রান তুলে নিয়েছিল। এর পর দ্বিতীয় উইকেটে সেই রান পৌঁছে যায় ২৯৩-এ। বাকিদের আর বেশি খাটতে হয়নি। ডাকেটের ১৩৫ বলে ১৪১, বেথেলের ৯৩ বলে ৯১ আর রুটের ৪৮ বলে অপরাজিত ঝোড়ো ৭৪ রানের ইনিংসটি প্রাথমিকভাবে জোড় ধাক্কা দিয়েছিল ভারতকে।

এছাড়া হ্যারি ব্রুকের ১৪ আর জোস বাটলারের অপরাজিত ১৩ বলে ৪১ রানের সুবাদে ইংল্যান্ড ৫০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৮৭ রান তুলে নেয়। যা তাড়া করা সহজ ছিল না। পারেওনি, তবে লড়াই দিয়েছে ভারতের টপ অর্ডারও। তার আগে ভারতের হয়ে জোড়া উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণা ও এক উইকেট প্রিন্স যাদবের।

জয়ের জন্য রানের পাহাড়ের সামনে যদিও সমানে সমানে লড়াই দেয় ভারতের টপ অর্ডার। শুভমান ডিলের সঙ্গে ওপেন করতে নেমে ১১০ বলে ১৭টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৮ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। যাঁকে দ্বিতীয় ওডিআই-এর পর প্রভূত আলোচনার মুখে পড়তে হয়েছিল। এক ম্যাচ পরে মাঠেই তার জবাব দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গত অধিনায়ক শুভমান ডিলের। তাঁর ব্যাট থেকে এল ৭৭ রান। তিন নম্বরে নেমে তাঁদের দেখানো পথেই হাঁটলেন আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। ৭৪ রান এল তাঁর ব্যাট থেকে। তবে তার যথেষ্ট ছিল না। এই টপ তিন ব্যাটার ফিরতেই ধসে পড়ল ভারতের ইনিংস।

৩০৪-৩ থেকে ৩২৯-৭-এ পৌঁছে গেল ভারতের ব্যাটিং। ঈশান কিষাণ ১৪, শ্রেয়াস আইয়ার ০, কেএল রাহুল ১২, অক্ষর প্যাটেল ২ রানে আউট হয়ে গেলেন। গুরনূর ব্রার ১৮ ও অর্শদীপ সিং ১৫ রানে অপরাজিত থাকলেন ঠিকই তবে জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারল না ভারত। কারণ তির আগেই ৫০ ওভার শেষ হয়ে গেল। নির্ধারিত ওভারে ভারত থামল ৩৬০-৭-এ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিলেন স্যাম কারান, একটি করে উইকেট জোফরা আর্চার, আদিল রশিদ ও জেকব বেদেদের। ম্যাচের সেরা হলেন জেকব বেথেল ও সিরিজ সেরা জো রুট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *