অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ২০৯-৩-এ থেমেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত ৪৭১ রানে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয়দিনই ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। দিনের শেষে ১০০ রানে অপরাজিত ছিলেন ওলি পপ। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে তাতে আর মাত্র ৬ রানই যোগ করতে পেরেছিলেন পপ। সেখান থেকে হাল ধরে হ্যারি ব্রুক। তবে তাঁর দুর্ভাগ্য সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরেই তাঁকে থামতে হয়। তবে ততক্ষণে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। ভারতের থেকে মাত্র ৬ রান আগে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৪৬৫ রানে। তৃতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়ে ভারত।
হ্যারি ব্রুক ৯৯ রানে আউট হওয়ার পর ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ২০, জেমি স্মিথ ৪০, ক্রিস ওকস ৩৮, ব্রাইডন কার্স ২২ ও জো টং ১১ রান করে আউট হন। ১০০.৪ ওভারে ৪৬৫ রানে থামে ইংল্যান্ডের ব্যাটিং। দ্বিতীয় দিনই তিন উইকেট তুলে নিয়েছিলেন যশপ্রীত বুমরাহ। তৃতীয় দিন তুলে নিলেন আরও দুই। নামের পাশে আবারও লিখে নিলেন এক ইনিংসে পাঁচ উইকেট। তিন উইকেট নেন প্রসিধ কৃষ্ণ ও দুই উইকেট মহম্মদ সিরাজের। রবীন্দ্র জাডেজা ও শার্দূল ঠাকুর ব্যাটের পর বল হাতেও ফ্লপ। এদিন ভারতকে খেসারত দিতে হল দুর্বল ফিল্ডিংয়ের। সব থেকে বেশি সমস্যায় পড়তে দেখা গেল প্রথম ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়ালকে। একাধিক নিশ্চিত ক্যাচ ফেললেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাট হাতেও ব্যর্থ হলেন যশস্বী। আবারও ব্যর্থ সাই সুধরসন। প্রথম দিন রানের খাতা খুলতে না পারলেও এদিন ৩০ রান করলেন। টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ নম্বর তিন জায়গা নিয়ে এই ভারতীয় দলে কম আলোচনা হয়নি। অনেকেই সাই সুধরসনকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে নির্বাচকদের মান এখনও রাখতে পারেননি তিনি। ওপেনার দ্রুত আউট হওয়ার যে দায়িত্ব তিন নম্বর ব্যাটারের উপর বর্তায় তা নিতে সাই সুধরসন এখনও প্রস্তুত নয় বলেই মনে করা হচ্ছে।
দিনের শেষে ক্রিজে রয়েছেন আর এক ওপেনার কেএল রাহুল (৪৭) ও অধিনায়ক শুভমান গিল (৬)। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও বেন স্টোকস। তৃতীয় দিনের শেষে ভারত ৯০-২। হাতে রয়েছে আরও দু’দিন। প্রথম টেস্ট জিততে হলে বড় রানে পৌঁছতে হবে ভারতকে। আপাতত ৯৬ রানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
