অলস্পোর্ট ডেস্ক: প্রথম ইনিংসে তিনটি সেঞ্চুরি এসেছিল ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে। আর দ্বিতীয় ইনিংসে এল আরও দুটো সেঞ্চুরি। দুই ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকিয়ে এই ম্যাচের সব লাইম লাইট কেড়ে নিলেন সহঅধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল করেছিলেন ১০১, শুভমান গিল করেছিলেন ১৪৭ ও ঋষভ পন্থের ব্যাট থেকে এসেছিল ১৩৪। ভারত থেমেছিল ৪৭১ রানে। জবাবে ব্যাট করতে নেমে ওলি পপের সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ৯৯ রানের সৌজন্যে ইংল্যান্ড মাত্র ছয় রান পিছনে থামে ভারতের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একই দাপট দেখা যায় ভারতের ব্যাটিংয়ে। এদিন ভারতের আর এক ওপেনার কেএল রাহুলের ব্যাট থেকেও এল সেঞ্চুরি।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ জয়সওয়ালের ব্যাট। কিন্তু সেই জায়গাটা সোমবার নিলেন কেএল রাহুল। তিনি ১৩৭ রান করে আউট হন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৮টি বাউন্ডারি দিয়ে। সাই সুধরসন ৩০ ও শুভমান গিল ৮ রান করে আউট হয়ে যাওয়ার পর রাহুলের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন উইকেট কিপার-ব্যাটার পন্থ। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আইপিএল ২০২৫ মোটেও ভালো যায়নি তাঁর। তাঁকে নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। বিশেষ করে বিশেষজ্ঞরা। তবে শুরুতেই ব্যাট হাতে তার জবাব দিয়ে দিতেই অনেককেই ১৮০ ডিগ্রি পাল্টে যেতে দেখা গেল। আর দ্বিতীয় সেঞ্চুরি সবার মুখ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দিতে যথেষ্ট ছিল।
সোমবার টেস্টের চতুর্থ দিন ঋষভ পন্থ ১৪০ বলে ১১৮ রান করে ১৫টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে। এছাড়া করুণ নায়ার ২০, শার্দূল ঠাকুর ৪ ও মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ ও প্রসিধ কৃষ্ণা পর পর রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভেলিয়নে। ২৫ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। ৯৬ ওভারে ৩৬৪ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ব্রাইডল কার্স ও জোশ টং। শেষে তিনি একই ওভারে চার বলে তিনটি উইকেট নেন কোনও রান না দিয়ে। দুই উইকেট নেন শোয়েব বশির। একটি করে উইকেট নেন ক্রিস ওকস ও বেন স্টোকস।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৬ ওভারে ইংল্যান্ডের রান ২১ কোনও উইকেট না হারিয়ে। ১২ রানে জ্যাক ক্রলি ও ৯ রানে বেন ডাকেট ক্রিজে রয়েছেন। শেষ দিন ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ইংল্যান্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
