Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: পর পর দুই টেস্টে দারুণ সাফল্যের পর লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় রানে পৌঁছতে পারলেন না ভারত অধিনায়ক শুভমান গিল। তবে তৃতীয় টেস্টের প্রথম দিন আঙুলে চোট পাওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া দলের সহঅধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ ব্যাট হাতে ফিরলেন ক্রিজে। যদিও শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতের উইকেটের পিছনে দেখা গিয়েছিল ধ্রুব জুড়েলকে। প্রথম দিন পন্থ বেরিয়ে যাওয়ার পর থেকেই দলে না থাকা জুড়েল উইকেটের দায়িত্ব সামলাচ্ছেন। তবে দ্বিতীয় দিন উইকেট কিপিং করতে না নামলেও ব্যাট করতে নামলেন পন্থ। শুভমান ফিরতেই কেএল রাহুলের সঙ্গে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাঁরই হাতে। দিনের শেষে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন দু’জন।

ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড প্রথম দিন শেষ করেছিল ২৫১-৪-এ। ৯৯ রান করে ক্রিজে ছিলেন জো রুট ও ৩৯ রান করে বেন স্টোকস। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১০৪ রান করে ফিরে যান রুট। স্টোকস ফেরেন ৪৪ রানে। মাঝে ক্রিস ওকস রানের খাতা না খুলেই ফিরে গেলে ইংল্যান্ডের ইনিংসে আরও কিছুটা ভরসা দেন জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। দু’জনেই হাফ সেঞ্চুরি করেন। স্মিথ ৫১ ও কার্স ৫৬ রান করে আউট হন। জোফরা আর্চার ফেরেন ৪ রানে। ১ রানে অপরাজিত থাকেন শোয়েব বশির। ৩৮৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বুমরাহের দাপটে মাত্র ১৩৬ রানই যোগ করতে সক্ষম হয় হোম টিম।

এদিকে এক ম্যাচ বিশ্রাম নিয়ে ফিরে এসেই নিজেকে আবারও প্রমাণ করেন যশপ্রীত বুমরাহ। প্রথম দিন এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিন তুলে নেন আরও চার উইকেট। আরও একটি পাঁচ উইকেট লেখা হয়ে গেল তাঁর নামের পাশে। এছাড়া দুটো করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও নীতীশ কুমার রেড্ডি। এর উইকেট রবীন্দ্র জাডেজার।

বড় রানের লক্ষ্যমাত্র না থাকলেও ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ১৩ রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে নামা করুণ নায়ার ভালই শুরু করেছিলেন। কিন্তু স্টোকসের রুটের অনবদ্য ক্যাচই তাঁকে ৪৩ রানে ফিরতে বাধ্য করে। রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি। এদিকে যিনি নিজেই তাঁকে ঘিরে প্রত্যাশা আকাশচুম্বি করে দিয়েছেন সেই ভারত অধিনায়ক শুভমান গিলের ব্যাটও এদিন সেই চেনা আক্রমণ দেখাতে পারেনি। মাত্র ১৬ রানে প্যাভেলিয়নে ফিরে যান তিনি। প্রথম থেকে চেষ্টা চালিয়ে যান আর এক ওপেনার কেএল রাহুল। দিনের শেষে ৫৩ রানে অপরাজিত থাকলেন তিনি। অন্যদিকে ১৯ রানে অপরাজিত থাকলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৩ ওভারে ১৪৫-৩।

ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিলেন ক্রিস ওকস, জোফরা আর্চার ও বেন স্টোকস। ২৪২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিং শুরু করবে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *