অলস্পোর্ট ডেস্ক: হাতে পুরো একটা দিন, লক্ষ্য ২০০ রানও নয়। এই পরিস্থিতি না জিততে পারাটাই অন্যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর দাপটের সঙ্গে দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েই তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসের লড়াইটা শেষ হয়েছিল সমানে সমানেই। দ্বিতীয় ইনিংস ছিল দুই পক্ষের সামনেই পরীক্ষার। সেখানে বল হাতে নিজেদের সেরাটা দিয়ে ভারতকে চালকের আসনে পৌঁছে দিয়েছেন বোলাররা। এবার বাকি কাজ করতে হবে ব্যাটারদের। যাঁদের অনেকেই রয়েছেন ফর্মের তুঙ্গে।
দুই দলের প্রথম ইনিংস ৩৮৭ রানে শেষ হওয়ার পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। এক ওভার খেলে দলগত ২ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ম্যাচের চতুর্থ দিন রবিবার ব্যাট করতে নেমে কেউই বড় রানে পৌঁছতে পারেননি। ক্রলি ২২ ও ডাকেট ১২ রানে আউট হয়ে ফেরেন প্যাভেলিয়নে। তিন নম্বরে নামা ওলি পপ ৪ রানে আউট হয়ে ফেরার পর ইংল্যান্ড ইনিংসের হাল ধরার চেষ্টা করেন জো রুট, হ্যারি ব্রুক ও বেন স্টোকস। রুট ৪, ব্রুক ২৩ ও স্টোকস ৩৩ রান করে প্যাভেলিয়নে ফেরার পর বড় রানের আশা শেষ হয়ে যায়।
এর পর জেমি স্মিথ ৮, ক্রিস ওকস ১০, ব্রাইডন কার্স ১ ও শোয়েব বশির ২ রান করে আউট হয়ে যান। ৫ রানে অপরাজিত থাকেন জোফরা আর্চার। ৬২.১ ওভারে ১৯২ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। এদিন ভারতের হয়ে বল হাতে সফল ওয়াশিংটন সুন্দর। নিয়মিত ব্যবধানে চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন তিনি। এছাড়া দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নীতীশ কুমার রেড্ডি ও আকাশ দীপের। ১৯৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।
তবে তৃতীয় দিনের শেষে তিন উইকেট হারিয়ে একটু হলেও চাপে ভারতীয় ব্যাটিং। ওপেনার যশস্বী জয়সওয়াল কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। তিন ও চারে নামা করুণ নায়ার ১৪ ও অধিনায়ক শুভমান গিল ৬ রান করে আউট হয়ে যান। প্রথম দুই টেস্টে দুরন্ত ব্যাট করা শুভমানের লর্ডসের অভিজ্ঞতা ভালো হল না। দুই ইনিংসেই চেনা ছন্দে পাওয়া গেল না তাঁকে। তবে এবার ভরসা দিচ্ছেন দলের আর এক ওপেনার কেএল রাহুল। প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরির উপর ভর করেই দলের রানকে ইংল্যান্ডে সমানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। সঙ্গে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজার অবদানও ছিল অনস্বীকার্য।
এদিন শেষবেলায় নাইট ওয়াচম্যান হিসেবে রাহুলের সঙ্গে ব্যাট করতে নামানো হয়েছিল আকাশ দীপকে। কিন্তু তিনি শেষ পর্যন্ত ভরসা দিতে পারলেন না। মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন। ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রানে চতুর্থ দিনের খেলা শেষ করল ভারত। ৩৩ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল। ইংল্যান্ডের হয়ে এদিন দুই উইকেট নিলেন ব্রাইডন কার্স। একটি করে উইকেট জোফরা আর্চার ও বেন স্টোকসের। তৃতীয় টেস্টের পঞ্চম দিন ভারত নামবে ১৩৫ রানে লক্ষ্যে। ইংল্যান্ডের জিততে হলে দরকার ৬ উইকেট। এই অবস্থায় লর্ডসের শেষ দিন কার পক্ষে থাকে সেটাই দেখার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
