যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। ছবি-বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টারে শুরুটা আশাব্যঞ্জক হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। যখন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ভারতের জন্য ‘ডু অর ডাই’। ইতিমধ্যেই তিনটি ম্যাচেই দাপট দেখিয়েও জয় এসেছে একটিতেই। যার ফল সিরিজে ১-২-এ পিছিয়ে থেকেই চতুর্থ টেস্ট খেলতে নেমেছে ভারত। যেখানে দলে ফেরানো হয়েছে সাই সুদর্শন ও শার্দূল ঠাকুরকে। এই ম্যাচেই ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক হয়েছে আনসুল কম্বোজের। সব মিলে কিছুটা নতুনত্বের প্রত্যাশা তো থাকবেই। প্রথম দুই টেস্টে দাপট দেখানো ভারত অধিনায়ক শুভমান গিল তৃতীয় টেস্টের পর চতুর্থ ম্যাচের শুরুতেই ফিরে গিয়েছেন প্যাভেলিয়নে, যা ভারতের জন্য হতাশার। প্রথম দিনের শেষে ভারত ২৬৪-৪।
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওপেনিং জুটিতে প্রায় ১০০ রান ছুঁয়ে ফেলেছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। ৪৬ রান করে যখন রাহুল প্যাভেলিয়নে ফেরেন তখন ভারতের রান ৯৪। যশস্বী যে ভাবে ব্যাট করছিলেন তাতে বড় রানের আশা করা হচ্ছিল তাঁর থেকে। তবে হাফ সেঞ্চুরি করে ফিরে যান তিনি। ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি।
এর পর তিন নম্বরে সাই সুদর্শন ও চার নম্বরে শুভমান গিল নেমে দলের হাল ধরার চেষ্টা করেন। তবে হতাশ করেন শুভমান। ইংল্যান্ড অভিনায়কের বল বোঝার ভুলে এলবিডব্লু হয়ে দ্রুত তাঁকে প্যাভেলিয়নে ফিরতে হয়। ডিআরএস নিয়েও লাভ হয়নি। মাত্র ১২ রানই যোগ করতে সক্ষম হন তিনি। তবে দুই টেস্টে বাইরে বসার পর দলে ফিরে নিজেকে প্রমাণের চেষ্টায় নেমে পড়েন সাই। হাফ সেঞ্চুরিও করেন। ১৩৪ বলে এটিই ভারতের টেস্ট জার্সিতে তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। তবে ৬১ রানে আউট হয়ে ফেরেন তিনি। এর পর জাডেজার সঙ্গে ব্যাট করতে নামেন শার্দূল ঠাকুর। দু’জনেই ১৯ রান করে অপরাজিত রয়েছেন।
এর মধ্যেই সমস্যায় পড়েন ঋষভ পন্থ এবং ৩৭ রানে ব্যাট করার সময় তিনি তাকে রিটায়ার হার্ট হয়ে প্যাভেলিয়নে ফিরে যান। কিছুটা অদ্ভুতভাবেই চোট পান তিনি, ক্রিস ওকসকে রিভার্স-সুইপ করার চেষ্টা করার সময় বল সরাসরি তাঁর পায়ে গিয়ে লাগে। ইংল্যান্ড এলবিডব্লিউর জন্য আবেদন করে এবং একটি রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা নিশ্চিত করে যে পন্থ বলটিতে হিট করেছিলেন, কিন্তু এটি তাকে কতটা জোরে আঘাত করেছিল তা কিছুক্ষণের মধ্যেই টের পান তিনি। ব্যথায় কষ্ট পেতে দেখা গিয়েছে তাঁকে। ৭২ রানের একটি পার্টনারশিপের পর ৬ নম্বরে রবীন্দ্র জাডেজাকে তাঁর জায়গায় নামানো হয়।
ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ক্রিস ওকস, লিয়াম ডওসন। দুই উইকেট বেন স্টোকসের। দ্বিতীয় দিন ভারতের বড় রানে পৌঁছতে ভরসা শার্দূল ঠাকুর ও জাডেজার ব্যাটই। যদি পন্থ সুস্থ হয়ে ফিরতে পারেন তাহলে ভারতের জন্য বড় প্রাপ্তি হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
