অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টি যে ইংল্যান্ড বনাম ভারত শেষ টেস্টের শুরু থেকেই ভোগাবে তা আগাম জানাই ছিল। যদিও এই ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের আর আশা নেই তবে এই ম্যাচ জিতে শেষ করতে পারলে সিরিজ ড্র রেখে ফিরতে পারবে ভারত। চতুর্থ টেস্টে দারুণ লড়াই করে ড্র করার পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার কথা পুরো দলের। তবে প্রতি সদয় না হলে কারও কিছু করার থাকবে না। এদিন বৃষ্টির কারণে মাত্র ৬৪ ওভারই খেলা করা সম্ভব হল। টস জিতে প্রথমে ভারতকেই ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে দিনের শেষে ভারত ২০৪-৬। যা মোটেও স্বস্তির স্কোর নয়।
এদিন ওপেন করতে নেমে আবার ব্যর্থ যশস্বী জয়সওয়াল। শুধু তিনি নন, ব্যর্থ ভারতের টপ অর্ডার। যশস্পবী ২, কেএল রাহুল ১৪, সাই সুর্দশন ৩৮ ও শুভমান গিল ২১ রানে আউট হয়ে ফিরে যান প্যাভেলিয়নে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। বিশ্রামের পর আবার দলে ফিরেছেন করুণ নায়ার। তবে এই ম্যাচ ছিল তাঁর কাছে প্রমানের। কঠিন পরিস্থিতির মধ্যে আপাতত তিনিই ভরসা ভারতীয় ব্যাটিংয়ের। সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ৯৮ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তার পর ব্যাট করতে নেমে প্যাভেলিয়নে ফিরে গিয়েছেন রবীন্দ্র জাডেজা ও ধ্রুব জুড়েল। জাডেজা ৯ ও জুড়েল ১৯ রানে আউট হন।
দিনের শেষে ৫২ রানে করুণ নায়ারের সঙ্গে ১৯ রানে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। গত ম্যাচে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। গত ম্যাচে যাঁরা ব্যাট হাতে ভারতকে ড্র করতে সাহায্য করেছিলেন তাঁদের মধ্যে কেএল রাহুল, শুভমান গিল ও রবীন্দ্র জাডেজা আগেই ফিরে গিয়েছেন প্যাভেলিয়নে। একমাত্র সেঞ্চুরিয়ন ওয়াশিংটন সুন্দরই রয়েছেন ক্রিজে। দ্বিতীয় দিন ভারতের রানকে এগিয়ে নিয়ে যেতে ভরসা নায়ার ও সুন্দরই। না হলে বিপদ বাড়বে।
এদিন ইংল্যান্ডের হয়ে দুটো করে উইকেট নেন গাস অ্যাটকিনসন ও জোশ টং। একটি উইকেট নেন ক্রিস ওকস। হাতে এখনও চার দিন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম চারটি টেস্টই পাঁচদিন পর্যন্ত গড়িয়েছে। যার ফলে অনেকদিন পর টেস্ট ক্রিকেটের ফ্লেভার নতুন করে ফিরে এসেছে বিশ্ব ক্রিকেটে। তবে পঞ্চম ম্যাচ কোথায় গিয়ে শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
