Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: দুরন্ত একটা লড়াই। অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো। ভারতীয় বোলারদের সংযত বোলিংয়েই ২-২-এ সিরিজ ড্র করে বাজিমাত শেষ দিন। ২-১-এ পিছিয়ে থাকা অবস্থায় চতুর্থ টেস্ট ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই করে ড্র করার পর একটা আশার আলো দেখা দিয়েছিল ভারতের জন্য। যদি পঞ্চম ও শেষ টেস্ট ভারত জিতে নিতে পারে তাহলে সিরিজ ড্র করে ফিরতে পারবে। চতুর্থদিন পর্যন্ত যা পরিস্থিতি ছিল তাতে, একদিন বাকি থাকতেই ইংল্যান্ড শেষ টেস্ট জিতে সিরিজ জয় সম্পূর্ণ করবে বলেই ধরে নেওয়া হয়েছিল। যদি না বৃষ্টি এসে দিনের খেলা আগেই শেষ করতে বাধ্য করত। পঞ্চম দিন ৩৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল ইংল্যান্ড। ভারতের দরকার ছিল ৪ উইকেট। বৃষ্টি যেন ভারতকে খেলায় ফিরিয়েছিল এক রাতের জন্য। আর সেটাই ধরে রেখে পঞ্চম টেস্টের পঞ্চম দিন ৬ রানে জিতে শেষ হাসি হাসল শুভমান গিলের ভারত।

পঞ্চম দিনের শুরুতে প্রসিধ কৃষ্ণাতেই ভরসা রাখলেন ভারত অধিনায়ক। প্রথম দুই বলে পর পর বাউন্ডারি হাঁকিয়ে দিন শুরু করলেন ওভারটন। দ্বিতীয় ওভারে সিরাজকে এনে প্রতিপক্ষকে ধাক্কা দিলেন শুভমান। অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও তৃতীয় আম্পায়ার জেমি স্মিথকে আউট দিলেন। ২ রানে ফিরলেন তিনি। সিরাজের ঝুলিতে জমা হল আরও এক উইকেট। জমে উঠল শেষ মুহূর্তের খেলা। গাস অ্যাটকিনসন যখন ৫ রানে ব্যাট করছেন তখন সিরাজের বলে এলবিডব্লু আউট দেন ফিল্ড আম্পায়ার। ডিআরএস নিয়েও শেষরক্ষা হয়নি ইংল্যান্ডের। টং-কে ০ রানে ফিরিয়ে ভারতকে আরও কিছুটা এগিয়ে দিলেন প্রসিধ কৃষ্ণা। তখন ভারতের দরকার ১ উইকেট ও ইংল্যান্ডের ১৭ রান। শেষ পর্যন্ত চোট নিয়েই মাঠে নামেন ক্রিস ওকস। এক হাত সোয়েটারের ভিতরে ঢোকানো। তবে তাঁকে বেশিক্ষণ ক্রিজে থাকতে হয়নি। অ্যাটকিনসন (১৭)-কে ফিরিয়ে জয় ছিনিয়ে নেন সিরাজ।

পঞ্চম টেস্টের প্রথম দিন বৃষ্টি বিঘ্নিত হলেও টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারত। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ২, কেএল রাহুল ১৪, সাই সুদর্শন ৩৮, শুভমান গিল ২১, করুণ নায়ার ৫৭, রবীন্দ্র জাডেজা ৯, ধ্রুব জুড়েল ১৯, ওয়াশিংটন সুন্দর ২৬, মহম্মদ সিরাজ ০ ও প্রসিধ কৃষ্ণা ০ রানে আউট হয়ে যান। রানের খাতা না খুলে অপরাজিত থাকেন আকাশ দীপ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন গাট অ্যাটকিনসন। ৩ উইকেট জোশ টংয়ের ও ১ উইকেট নেন ক্রিস ওকস।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে একই অবস্থা হয় ইংল্যান্ড ব্যাটারদের। ভারতের থেকে মাত্র ২৩ রানে এগিয়েই ইনিংস শেষ করে ব্রিটিশরা। ২২৪-এর জবাবে ২৪৭ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। যেখানে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি ৬৪ ও বেন ডাকেট ৪৩ রান করে ভিতটা তৈরি করে দিয়েছিলেন। তার পর ওলি পপ ২২, জো রুট ২৯ ও হ্যারি ব্রুক ৫৩ রান করে তা এগিয়েও নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার পর আর কেউ বড় রানে পৌঁছতে পারেননি। জ্যাকব বেথেল ৬, জেমি স্মিথ ৮, জেমি ওভার্টন ০, গাস অ্যাটকিনসন ১১ রান করে আউট হন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা ৪টি করে উইকেট নেন। ১ উইকেট নেন আকাশ দীপ।

দ্বিতীয় ইনিংসে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারতের ব্যাটিং। যশস্বী জয়সওয়াল ও আকাশ দীপের শুরুর দুরন্ত ব্যাটিংয়ের দাপটে ভারত বড় রানে পৌঁছনোর রাস্তা তৈরি হয়ে যায়। যশস্বী ১১৮, কেএল রাহুল ৭, সাই সুদর্শন ১১, আকাশ দীপ ৬৬, শুভমান গিল ১১, করুণ নায়ার ১৭, রবীন্দ্র জাডেজা ৫৩, ধ্রুব জুড়েল ৩৪, ওয়াশিংটন সুন্দর ৫৩, মহম্মদ সিরাজ ০ রানে আউট হন। তবে ততক্ষণে ভারতের রান পৌঁছে গিয়েছে ৩৯৬-এ। ইংল্যান্ডের হয়ে এদিন ৫ উইকেট নেন জোশ টং। ৩ উইকেট গাস অ্যাটকিনসনের, ২ উইকেট নেন জ্যামি ওভারটন।

তৃতীয় দিনের শেষেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছিল ইংল্যান্ড। লক্ষ্য ছিল ৩৭৩ রান। তৃতীয় দিন ৫১ রানে শেষ করলেও চতুর্থ দিন ভারতীয় বোলারা রীতিমতো অকেজ হয়ে পড়েন ইংল্যান্ড ব্যাটিংয়ের সামনে। ৯১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যখন ব্রুক থামেন তখন তাঁর নামের পাশে ১১১ রান লেখা হয়ে গিয়েছে। আগের দিন জ্যাক ক্রলিকে ১৪ রানে ফিরিয়ে ভরসা দিয়েছিলেন সিরাজ। কিন্তু চতুর্থ দিন ব্যর্থ ভারতীয় বোলাররা। বেন ডাকেট ৫৪ ও ওলি পপ ২৭ রানে আউট হওয়ার পর ইং‌ল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরেন জো রুট ও হ্যারি ব্রুক। দু’জনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। ব্রুক আউট হওয়ার পর রুট ১০৫ রানে ফেরে‌ন প্যাভেলিয়নে। জ্যাকব বেথেল ফেরেন ৫ রানে।

জয়ের জন্য যখন ৩৫ রান দরকার ইংল্যান্ডের তখন খারাপ আলোর জন্য ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যেই শুরু হয়ে যায় বৃষ্টি। শেষ পর্যন্ত দিনের খেলা বাতিল করা হয়। পঞ্চম দিন জিততে হলে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান ও ভারতের ৪ উইকেট। ইংল্যান্ডের জয়ের জন্য ৬ রান বাকি থাকতেই কাজ সেরে ফেলেন ভারতীয় দুই বোলার সিরাজ ও কৃষ্ণা। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে নিজের নামের পাশে ৫ উইকেট লিখে নেন মহম্মদ সিরাজ। প্রসিধ কৃষ্ণার ঝুলিতে আসে ৪ উইকেট। ১ উইকেট আকাশ দীপের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *