ছবি—বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: বুধবার যখন প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত তখনও হাতে ছয় উইকেট রয়েছে। রান ২০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে খুব খারাপ অবস্থান ছিল না। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা ও শার্দূল ঠাকুর। তবে এই সবের মধ্যেই ভারতীয় দলকে বড় ধাক্কা দিয়েছিল ঋষভ পন্থের চোট। কিছুক্ষণের মধ্যেই এটা নিশ্চিত হয়ে গিয়েছিলেন, চোট গুরুতর। এই পরিস্থিতিতে ম্যাচের মাঝে পরিবর্ত প্লেয়ার নেওয়া সম্ভব নয়। নিলেও তিনি উইকেট কিপিং করতে পারবেন, ব্যাটিংয়ে একটা শূন্যস্থান থেকেই যাবে। যা ভারতের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে বড় ধাক্কা তো বটেই। তবে সেই সব জল্পনা-কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাট হাতে আবার মাঠে নামেন পন্থ এবং হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে একটা ভালো জায়গায় পৌঁছে দেন। তবে তা যে যথেষ্ট নয় তা শুরুতেই বুঝিয়ে দিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে ১৩৩ রানে পিছিয়ে ইংল্যান্ড।
চতুর্থ টেস্টের প্রথম দিন ভারত থেমেছিল ২৬৪-৪-এ। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছিলেন জাডেজা ও শার্দূল ঠাকুর। দু’জনের কাছেই ছিল ১৯ রান করে। জাডেজা দ্বিতীয় দিন তাতে এক রানই যোগ করতে সক্ষম হন। মাত্র ২০ রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পর শার্দূলের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরতে নামেন ওয়াশিংটন সুন্দর। শার্দূল ঠাকুর সাময়িক ভরসাও দেন তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। ৪১ রান করে আউট হয়ে যান তিনি। দলে আর কোনও স্পেশালিস্ট ব্যাটার নেই যিনি এখান থেকে দলকে বড় রানে নিয়ে যেতে পারে। দলের বিপদ দেখে ভাঙা আঙুল নিয়েই নেমে পড়েন ঋষভ পন্থ। প্রথম দিন ৩৭ রানে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন তিনি। সেখান থেকে নামের পাশে ৫৪ রান লিখে নিয়ে থামেন তিনি। তাঁর এই সাহসকে কুর্নিশ করছে ক্রিকেট দুনিয়া।
এছাড়া এদিন ২৭ রানে ওয়াশিংটন সুন্দর, আনসুল কাম্বোজ ০, যশপ্রীত বুমরাহ ৪ রান করে আউট হন। ৫ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ৩৫৮ রানে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ভারত। ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল অধিনায়ক বেন স্টোকস। পাঁচ উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট নেন জোফরা আর্চার। একটি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিয়াম ডওসন।
এর পর জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই বাজিমাত করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ওপেনিং জুটিতে ইংল্যান্ড ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায়। তবে দুই ওপেনারেরই ভাগ্য খারাপ। সেঞ্চুরির কাছে পৌঁছেও তা হাতছাড়া করেন দু’জনেই। বেন ডাকেট মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ১০০ বলে ১৩টি বাউন্ডারি হাঁকিয়ে ৯৪ রান করেন ডাকেট। আর এক ওপেনার জ্যাক ক্রলি ১৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি-সহ ১১৩ বলে ৮৪ রান করে প্যাভেলিয়নে ফেরেন। এদিকে ভারতের টেস্ট জার্সিতে অভিষেকে প্রথম উইকেট পেলেন আনসুল কম্বোজ। উইকেট পান রবীন্দ্র জাডেজাও। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২২৫-২। ওলি পোপ ২০ ও জো রুট ১১ রানে ক্রিজে রয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
