গ্রেগ চ্যাপেল
অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট কিংবদন্তি গ্রেগ চ্যাপেল চরম আর্থিক সংকটে ভুগছেন। এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর বন্ধুরা। চ্যাপেলের জন্য তৈরি করা হয়েছে একটি অনলাইন ফান্ডিং প্লাটফর্ম। ৭৫ বছর বয়সী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক, যিনি ২০০৫-২০০৭ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বর্তমানে তিনি আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছেন। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি নিজমুখে স্বীকার করেছেন যে তিনি এমনি ভাল আছেন তবে অবশ্য একজন ক্রিকেটার হিসাবে যে বিলাসবহুল জীবনযাপন করা প্রয়োজনীয় সেটা তিনি করতে পারছেন না।
‘‘এরকমও নয় যে আমার একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, কিন্তু বিলাসবহুল জীবনযাপনও করছি না। আমি মনে করি বেশিরভাগ মানুষই এটা ধরে নেয় যে আমরা ক্রিকেট খেলি, অর্থাৎ আমরা সবাই বিলাসিতায় জীবন কাটাচ্ছি। আমি এমনও বলছি না যে, আমার দশা অত্যন্ত খারাপ তবে আজকের দিনে দাঁড়িয়ে খেলোয়াড়েরা যে সুবিধাগুলি পায়, আমরা সেটা থেকে বঞ্চিত,’’ একটি সংবাদমাধ্যমকে বলেন গ্রেগ।
উক্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চ্যাপেলের অনিচ্ছা থাকা সত্ত্বেও, তার জন্য একটি গোফান্ডমি (GoFundMe) নামক ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সঙ্গে গত সপ্তাহে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তাঁর বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সেইটি এডি ম্যাকগুইরি দ্বারা আয়োজিত হয়েছিল এবং ইয়ান ও ট্রেভরসহ অন্যান্য ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন সেখানে।
চ্যাপেল আরও বলেন যে, তিনি একমাত্র খেলোয়াড় নন যিনি আর্থিক অসুবিধার সম্মুখীন হয়েছেন, তাঁর সমবয়সী অনেক পেশাদার ক্রিকেটারদেরও একই দুর্দশা বলে জানান তিনি। চ্যাপেল বলেন, ‘‘ন্যায্যভাবে বলতে গেলে, আমাদের যুগের অন্যান্য অনেকেই আছেন যারা আমার থেকে আরও গুরুতর পরিস্থিতিতে আছেন। যাদের সাহায্য দরকার এবং আমার মনে হয়না ক্রিকেট থেকে আমরা সেই যথেষ্ট সাহায্যটা পেয়েছি। বিশেষ করে আজকের যুগের সঙ্গে তুলনা করার ক্ষেত্রে।’’
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে চ্যাপেলের একটি বিস্মরণীয় স্মৃতি জড়িয়ে রয়েছে। তৎকালীন কোচ থাকাকালীন সচীন তেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় মতো কিংবদন্তি ভারতীয় খেলোয়াড়দের রোশের মুখে পড়তে হয়েছিল তাঁকে। গ্রেগ ২০০৫-এ ভারতের কোচ হয়েছিলেন। তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদে জড়িয়েছিল তাঁর নাম। তাঁর মেয়াদকালীন ভারতীয় দলের সঙ্গে মোটেই কোনও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি চ্যাপেলের। ২০০৭-এর বিশ্বকাপে ভারতের খারাপ ফলের পরে দল থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।
অস্ট্রেলিয়ার হয়ে ৮৭টি টেস্টে ২৪টি সেঞ্চুরি এবং ৭১১০ রান করেছিলেন গ্রেগ। ৪৮টি টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্বও করেছেন তিনি। পেসার ডেনিস লিলি, উইকেটরক্ষক রড মার্শ এবং চ্যাপেল ১৯৭০-এর দশকের আইকনিক ত্রয়ী ছিলেন। যারা একের পর এক হিট দিয়েছেন নিজেদের কেরিয়ারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
