Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার মধ্যরাতে। দমকলের দুটো ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে। বুধবার রাত ১২টা নাগাদ হঠাৎ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ড্রেসিংরুমে ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে, প্রায় আধঘন্টার চেষ্টায় দমকলের দুটো ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে দমকলের তরফে জানানো হয়েছে শর্ট সার্কিট। তবে তদন্তের পর নিশ্চিত করে জানা যাবে।

জানা গিয়েছে ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে মেরামতির কাজ চলছিল। সেখানেই কোনওভাবে আগুন লাগে এবং ফলস সিলিং থাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে। তবে তা বেশি ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানান দমকল আধিকারিক।

তিনি বলেন, “ড্রেসিংরুমে খেলোয়াড়দের ব্যবহৃত জিনিস পত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়েছিল।টাওয়াল সহ অন্যান্য জিনিস পুড়ে গিয়েছে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি। আপাতত ইডেনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়েছে।”

অক্টোবর মাসে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। ইডেন গার্ডেন্সও পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে সাজিয়ে তোলা হচ্ছে ইডেন গার্ডেন্সকে। তারই কাজ চলছিল বলে জানা গিয়েছে।

গত সপ্তাহেই স্টেডিয়াম পরিদর্শনে এসেছিল আইসিসির প্রতিনিধি দল। তারা সবকিছু ঘুরে দেখে গিয়েছেন। সবুজ সংকেত দিয়েছেন তারা। তবে মনে করা হচ্ছে এই আগুনের জন্য প্রভাব পড়বে না বিশ্বকাপ আয়োজনে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *