অলস্পোর্ট ডেস্ক: ২ বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির জেলে বন্দী বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কারাগারে থাকাকালীন তাঁর শারীরিক সমস্যা বেড়েছে। তার মধ্যে সবচেয়ে যেটা উদ্বেগের, সেটা হল ইমরান তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারাতে বসেছেন চিকিৎসার অভাবে। ইমরানের শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে এনেছেন, তাঁর বোন আলিমা খানুম। ইতিমধ্যেই সেটা জানতে পারে পাকিস্তানের প্রাক্তণ ক্রিকেটাররা একজোট হয়ে নিজের দেশের সরকারের কাছে ইমরানের সুচিকিৎসার জন্য আবেদন করেছেন। ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এবার তাঁদের সঙ্গে গলা মেলালেন বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়করাও ইরমানের সুচিকিৎসার দাবিতে। তাঁর মধ্যে আছেন ভারতের দুই অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেব।
গ্রেগ চ্যাপেলের নেতৃত্বে একটি দাবিপত্র পেশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে। তাতে সই করেছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালান বর্ডার, স্টিভ ওয়া, ইয়ান চ্যাপেল, বিলিন্ডা ক্লার্ক, কিম হিউজেস, মাইক আর্থার্টন, নাসের হুসেন, মাইক ব্রিয়ারলি, ডেভিড গাওয়ায়, ক্লাইভ লয়েড, জন রাইট।
প্রাক্তন এই তারকা ক্রিকেটাররা চান জেলে থাকাকালীন ইমরানের শারীরিক সমস্যাগুলির দিকে যেন নজর দেয় জেল কর্তৃপক্ষ। ইমরান যেন সবরকম মেডিকেল ট্রিটমেন্টের সুবিধা পান। পাকিস্তান সরকার যেন তাদের দেশের ক্রিকেট হিরোর স্বাস্থ্যের খেয়াল রাখে। তাঁরা পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লিখেছেন, ‘ আমরা ইমরানের মতো একজন কিবদন্তী ক্রিকেটার ও ব্যক্তির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। ক্রিকেট খেলার প্রতি ইমরানের অবদান প্রশংসনীয়। তা কোনওদিন ভোলা যাবে না। ১৯৯২ সালে পাকিস্তান তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জেতে। তাঁর পিছনে ইমরানের দক্ষতা, খেলোয়াড়ি মনোভাব, লড়াই, নিষ্ঠা প্রকাশ পেয়েছিল। আমাদের মধ্যে অনেকেই ইমরানের বিরুদ্ধে মাঠে নেমে খেলেছি, তাঁর খেলা উপভোগ করেছি। ইমরানের মতো অসাধারন অলরাউন্ড এবিলিটির ক্রিকেটার বিশ্বে বিরল। ক্রিকেট মাঠের বাইরে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন দেশের সমস্যার সময়। এমন একজন ব্যক্তির দু‘বছরের বেশি সময় ধরে জেলে বন্দী থাকাটা সত্যি খুব দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। তারওপর এখন শুনছি, তাঁর শরীর ভাল নেই। তাঁর সুচিকিৎসার দরকার। চাই সমস্ত রাজনৈতিক বিতর্ক এই মুহূর্তে সরিয়ে রেখে পাকিস্তান সরকার যেন ইমরানের সেই সুচিকিৎসার বন্দোবস্ত করে দ্রুত।’
এর পাশাপাশি ইমরান খানের নিজস্ব আইনজীবি পাকিস্তানের সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, ইমরানের ডান চোখের অবস্থা খুব খারাপ। মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি বেঁচে আছে। এখনই কোনরকম ব্যবস্থা না নিলে ইমরান তাঁর ওই চোখ দিয়ে আর কিছু দেখতে পাবেন না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
