অলস্পোর্ট ডেস্ক: পূর্ব ভারতে জনপ্রিয় ঐতিহ্যবাহী পানীয় সাত্তুকে জাতীয় বাজারে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করল গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। ট্যাগ লাইন (জাদ্দু কা সাত্তু)। কলকাতার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাডেজাকে নিয়ে নতুন টেলিভিশন বিজ্ঞাপনটির উদ্বোধন করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সাত্তুকে শুধু ঐতিহ্যবাহী পানীয় হিসেবে নয়, বরং আধুনিক, কর্মক্ষমতা-বর্ধক ও প্রোটিনসমৃদ্ধ পুষ্টিকর খাদ্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে জাডেজাকে সামনে রেখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর দেবাংশ মিমানি, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) নীতেশ কুমার পাণ্ডে এবং সিনিয়র ম্যানেজার (মডার্ন ট্রেড) রাজা সরকার।
আর কিছুদিন পরই কেকেআর-এর বিরুদ্ধে আইপিএল ২০২৬-এর ম্যাচ খেলতে কলকাতায় আসবেন রবীন্দ্র জাডেজা। এই মরসুমে তিনি খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে সংস্থার তরফে বিজ্ঞাপন লঞ্চে অপেক্ষার সময় ছিল না। তাই জাডেজা সশরীরে হাজির না হলেও তাঁর কাটআউটের সঙ্গেই উদ্বোধন হয়ে গেল গনেশ ছাতুর বিজ্ঞাপনের। সেখানে জাডেজার ফিটনেসকে সামনে রেখেই তাঁদের প্রোডাক্টকে পুরো ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সংস্থার মালিকরা।
গত সোমবার আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রবীন্দ্র জাডেজা তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে। এছাড়াও এই ম্যাচ ছিল তাঁর জন্য অন্য আবেগের। দীর্ঘদিনের দল চেন্নাই ছেড়ে প্রথম ম্যাচেই সেই দলেরই মুখোমুখি হওয়া তাঁকে অনেকটাই আবেগান্বিত করে তুলেছিল। তবে পেশাদারিত্ব তো এটাই, পরিবর্তনকে সাদরে গ্রহন করা আর নিজের সেরাটা দেওয়া। তবে এই ম্যাচে তাঁর বর্তমান দল সহজেই তাঁর প্রাক্তন দলকে হারিয়ে দিয়েছে ৮ উইকেটে। যেখানে তিনি ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে তিন ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট তুলে নেন।
আগামী ১৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে কলকাতায় আসছে রাজস্থান রয়্যালস। সেই দলে অবশ্যই থাকবেন রবীন্দ্র জাডেজা। তবে তাঁকে নিয়ে আর কোনও অনুষ্ঠানে কোনও পরিকল্পনা নেই সংস্থার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
