গ্লেন ম্যাক্সওয়েল
অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল বুধবার নয়াদিল্লিতে ওডিআই বিশ্বকাপ ২০২৩ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মাত্র ৪০ বলে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন। ম্যাক্সওয়েলের পাওয়ার-হিটিং দাপটকে কোনও নেদারল্যান্ডসের বোলারই রুখতে পারেনি। চলতি ওডিআই বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ডটি এদিন ভেঙে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। যা এবছরের বিশ্বকাপ সংস্করণে একটি ঐতিহাসিক মুহুর্ত তৈরি করেছে।
এটি ওডিআই ফরম্যাটে চতুর্থ-দ্রুততম সেঞ্চুরি, ২০১৫-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩১ বলে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স সর্বোচ্চ দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। ম্যাক্সওয়েলের এই প্রচেষ্টা একজন অস্ট্রেলিয়ান হিসাবে প্রথম।
‘‘বেশ ভাল লাগছে, আমি আজ তেমন সুস্থ বোধ করছিলাম না, ফলে খুব বেশি আশা না করেই খেলতে নেমেছিলাম। ওই পরিস্থিতিতে যখন ডেভি এবং গ্রিনি যখন আউট হয়ে যায়, তখন নিজেকে সামলে নিতে হয়েছিল। ঠিক করে নিয়েছিলাম শেষ অবধি খেলে যাব। নেদারল্যান্ডস প্রথম দিকে বেশ কিছু চার বাঁচিয়ে দিয়েছিল, ভাল ফিল্ডিং করছিল ওঁরা। যেখানে আউটফিল্ড খুব কঠিন, সেখানে এইভাবে রুখে ফিল্ডিং করা সত্যিই প্রশংসনীয় ছিল,’’ ম্যাক্সওয়েল তাঁর খেলা শেষে বলেন।
ম্যাক্সওয়েল তাঁর ইনিংস শেষ করেন ৪৪ বলে ১০৬ রান করে। নয়টি চার এবং আটটি ছয় মারেন তিনি। তাঁর এই কৃতিত্ব অস্ট্রেলিয়াকে ৩৯৯ রানের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। ম্যাক্সওয়েলের দাপট এদিন এতটাই নজর কাড়ল যে ডেভিড ওয়ার্নারের করা শতরান ঢাকা পড়ে গেল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
