ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ শতরান করে আরসিবিকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে কোহলির হাসি মুছে দিলেন শুভমন গিল। পাল্টা শতরান করে জিতিয়ে দিলেন গুজরাত টাইটান্সকে। হার্দিক পান্ডিয়ার দল জেতায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবির আইপিএল অভিযান শেষ হয়ে গেল রবিবার। আবার শতরান করলেন শুভমন গিল।
সানরাইজার্স হায়দরাবাদের পর এ বার গুজরাত টাইটান্স। আইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর শতরান এল ৬০ বলে। প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ভদ্রস্থ রানে পৌঁছে দিলেন। ৬১ বলে ১০১ রানের ইনিংস খেললেন তিনি। আগে ব্যাট করে আরসিবি তুলল ১৯৭-৫। বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টির কারণে এ দিন খেলা শুরু হতে প্রায় ঘণ্টা খানেক দেরি হয়েছে।
প্লে-অফে উঠতে গেলে জিততেই হবে। এই অবস্থায় দলের বাকি ব্যাটাররা যখন সবাই ব্যর্থ, তখন রক্ষাকর্তা হয়ে এগিয়ে আসতে হল সেই কোহলিকেই। এমনিতে গোটা প্রতিযোগিতায় এত দিন পর্যন্ত মাত্র আড়াই খানা ব্যাটারের উপর ভরসা করে এগিয়ে এসেছে আরসিবি। কোহলি এবং ফাফ ডুপ্লেসি ওপেনিং জুটিতে দলের অর্ধেকেরও বেশি রান করেছেন। কয়েকটি ম্যাচে অবদান রেখেছেন গ্লেন ম্যাক্সওয়েলও। এ ছাড়া আরসিবির হয়ে গোটা মরসুমে বলার মতো অবদান আর কারও নেই। গত বার তবু রজত পাটীদার ছিলেন। এ বার তিনি ছিটকে যাওয়ায় মিডল অর্ডারে ভরসা দেওয়ার মতো কেউ নেই। দীনেশ কার্তিক, মহিপাল লোমরোররা কোন ম্যাচে খেলবেন কেউ জানে না। গুজরাতের বিরুদ্ধে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল শুরুটা ভাল করেছিল আরসিবি। বিরাট এবং ফাফ মিলে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৬২ রান তুলে দেন। তবে অন্যান্য দিনের মতো শতরানের জুটি আর হয়নি। দলের ৬৭ রানের মাথায় ফেরেন ফাফ। ১৯ বলে ২৮ রান করেন তিনি।
তিনে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। একটি চার এবং একটি ছয় মেরে শুরুটা ভালই করেছিলেন। তিনি অতিরিক্ত আগ্রাসী হওয়ার ফল ভুগতে হল তাঁকে। রশিদ খানের গুগলিতে ঠকে গিয়ে বোল্ড হলেন। এর পর বেঙ্গালুরু শিবিরে কেবল আসা-যাওয়ার পালা। মহিপাল লোমরোর এক রানে ফিরলেন। দীনেশ কার্তিক প্রথম বলেই আউট। মাঝে একটু মারকুটে ব্যাটিং করে গেলেন মাইকেল ব্রেসওয়েল (২৬)। শেষের দিকে কোহলির সঙ্গে জুটি বেঁধে কিছুটা অবদান রাখলেন অনুজ রাওয়াত (২৩)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
