অলস্পোর্ট ডেস্কঃ গ্রুপ পর্বের বাধা কাটিয়ে মঙ্গলবার প্রথম প্লে অফে মুখোমুখি হতে চলেছে গুজরাত ও চেন্নাই সুপার কিংস। দুই দলেই একাধিক ম্যাচ জেতানো ক্রিকেটার রয়েছেন। হার্দিক পান্ডিয়ার অধীনে গুজরাত টাইটান্স গতবারের চ্যাম্পিয়নের মত খেলছে। আবার চেন্নাই সুপার কিংসের মাথায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনির মত অধিনায়ক। তাই চিপকে হাড্ডাহাড্ডি লড়াই দেখার সম্ভাবনা রয়েছে।
গত মরশুমে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি চেন্নাই। প্লেঅফ পর্বে না উঠেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় ধোনির দলকে। অনেক সমালোচনা মুখে পড়তে হয় তাদের। কিন্তু এই মরশুমে চেনা ফর্মে পাওয়া গিয়েছে ধোনির দলকে। গত বছরের ব্যর্থতা নিয়ে মুখ খোলেন ফ্লেমিং। তিনি বলেন, ‘প্রতি বছর আলাদা আলাদা ফলাফল হয়। করোনার সময়েও আমরা ভেবেছিলাম বেশ কিছু ভুল হয়েছে আমাদের। কিন্তু তারপরও আমরা ভালো ফল করেছি। তবে গত বছর আমাদের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। প্লেঅফে জায়গা করতে পারিনি। তবে এবার আমরা নিজেদের সেই ফর্ম বজায় রেখেছি। নতুন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়ে তাদের প্রতিভা সামনে এনেছি। তাদের মধ্যে অন্যতম তুষার দেশপাণ্ডে। চোট-আঘাত এবং সুযোগ সবমিলিয়ে ও নিজেকে ভালো ভাবে তৈরি করেছে। এবারের আইপাএলে ধারাবাহিক পারফরম্যান্স করছে ও।’
গুজরাতের দল আবার চ্যাম্পিয়নের মতই ক্রিকেট খেলছে। ওপেনার হিসেবে শুভমান গিল নিজেকে আলাদা করে এই টুর্নামেন্টে চিনিয়েছেন। বিশেষ করে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যেভাবে তিনি ম্যাচ জিতিয়েছেন সেই ইনিংসকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। এছাড়াও ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, সবাই নিজেদের সেরাটা তুলে ধরছেন। এর ফলেই গ্রুপ লিগের শীর্ষে থেকে শেষ করেছে গুজরাত। প্লে অফে চেন্নাইয়ের বিরুদ্ধে তাই নিজেদের ফর্ম ধরে রেখে ফাইনালে উঠতে চাইবে হার্দিক পান্ডিয়ারা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
