অলস্পোর্ট ডেস্ক: বুধবারই জানা গিয়েছিল হার্দিক পরবর্তী ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর দুটি থেকে তিনটি ম্যাচ খেলতে পারবেন না তাঁর গোড়ালিতে চোটের কারণে। কিন্তু এদিন সূত্র মারফত জানা যায়, লিগামেন্টেও চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। লিগামেন্টের সেই চোট সারাতেই কম করে দুই সপ্তাহ সময় লাগবে তাঁর। তারপরও তিনি খেলতে নামতে পারবেন কিনা, তা নিয়ে রয়ে যাচ্ছে ধোঁয়াশা। তাঁর জায়গায় অন্য কাউকে নেওয়ার কথাও দল স্পষ্টভাবে কিছুই জানায়নি। ফলে হার্দিকের খেলতে পারা নিয়ে ক্রমশ প্রশ্ন থেকেই যাচ্ছে।
গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। তারপর নিউজিল্যান্ডের ম্যাচেও খেলতে পারেননি তিনি। প্রথমে মনে করা হয়েছিল, পরের দু’টি ম্যাচে দেখতে পাওয়া যাবে না অলরাউন্ডারকে। কিন্তু বর্তমানে চোট গুরুতর হওয়ায় হার্দিক যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ হচ্ছেন তাঁকে এনসিএ থেকে ছাড়া হবে না বলে সূত্রের খবর। আপাতত ব্যাঙ্গালুরুর এনসিএতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে ভারতীয় দলের ম্যানেজমেন্ট চাইছে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরুক হার্দিক।
যদি হার্দিক দু’সপ্তাহ পরে সুস্থ হয়ে মাঠে ফেরেনও তখন বিশ্বকাপ প্রায় শেষের দিকে চলে আসবে। ভারতের শুধুমাত্র নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচ খেলা বাকি থাকবে তখন। এরপরই সেমিফাইনাল। ইংল্যান্ডের মতোন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে থাকতে পারবেন না হার্দিক, এই নিয়ে আশঙ্কায় ভুগছেন ভক্তরা। মনে হয়, হার্দিককে ছাড়াই বাকি বিশ্বকাপের জয়ের আয়োজনে নামতে হবে রোহিত শর্মাদের। তবে হার্দিককে নিয়ে এখনই কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেবেনা জানিয়েছে বিসিসিআই। একসপ্তাহ পর তাঁর চোটের পরীক্ষা করানো হবে। খেলানোর মতোন পরিস্থিতি থাকলে, তিনি আবার মাঠে কামব্যাক করতে পারেন বলে জানা যাচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
