হার্দিক পাণ্ড্যে
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া খুব সম্ভবত আরও দু’টি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচ খেলতে পারবেন না। গত সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ম্যাচে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। ইতিমধ্যেই সেই চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ মিস করেছেন তিনি। এরপর এদিন একটি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ভারতের পরবর্তী দু’টি বিশ্বকাপ ম্যাচেও খেলার বাইরে থাকতে পারেন৷ যদিও বিসিসিআই এর আগে জানিয়েছিল যে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচের জন্য হার্দিক লখনউতে যাবেন। কিন্তু বর্তমানে এটি সম্ভবকর বলে মনে হচ্ছে না।
‘‘হার্দিক এখনও চিকিৎসাধীন রয়েছেন। যদিও তার বাম পায়ের গোড়ালিতে ব্যাথা আগের থেকে যথেষ্ট কমেছে, তবে তিনি এখনই খেলা শুরু করবেন না, চলতি সপ্তাহের শেষে তাঁকে দিয়ে বোলিং করানো শুরু হবে। এই মুহূর্তে, পুরোপুরিভাবে সুস্থ হওয়ার জন্য তাঁকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ,’’ একজন এনসিএ সূত্র পিটিআইকে বলেছেন।
‘‘পান্ডিয়ার খুব বাজেভাবে পা মচকে গিয়েছিল কিন্তু সৌভাগ্যবশত কোনও ফ্র্যাকচার হয়নি। বিসিসিআই মেডিকেল দল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পরবর্তী দুই থেকে তিনটি ম্যাচ না খেলতে পারার সম্ভাবনা রয়েছে তাঁর। তাকে নক-আউট পর্বের আগে সম্পূর্ণভাবে ফিট দেখতে চায় দল,’’ বিসিসিআই সূত্র যোগ করেছেন।
যেহেতু ভারত বর্তমানে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর খুব শক্তিশালী অবস্থানে রয়েছে এবং এখন পর্যন্ত প্রতেকটি ম্যাচ জিতেছে ফলে, পান্ডিয়াকে পরবর্তী দুটি ম্যাচের জন্য সহজেই বিশ্রাম দেওয়া যেতে পারে। যাতে তিনি নক-আউটের আগে ভালভাবে কামব্যাক করতে পারেন।
২৯ অক্টোবর ভারত লখনউতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে এবং ২ নভেম্বর মুম্বইতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। পান্ডিয়ার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামি জায়গা করে নিয়েছিলেন। আশা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম একাদশে কোনও বদল হবে না দলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
