Cart Total Items (0)

Cart

All Sports India
ভারত বনাম পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি, রাজীব শুক্লা বলেছেন যে কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দলকে আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে পাঠানো হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্য ভারত পাকিস্তানে নাও যেতে পারে বলে মিডিয়া রিপোর্টে উঠে এসেছে। ২০০৮-এর এশিয়া কাপ থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে ভারত পাকিস্তানে কোনও ক্রিকেট টুর্নামেন্ট খেলেনি।

ভারতে ডিসেম্বর ২০১২-জানুয়ারি ২০১৩ পর্যন্ত হওয়া দ্বিপাক্ষিক সিরিজটিই ছিল দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ। তারপর থেকে, উভয় দেশ শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হয়েছে।

রাজীব শুক্লা সংবাদ সংস্থাকে বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে, ভারত সরকার আমাদের যা করতে বলবে আমরা তাই করব। ভারত সরকার আমাদের অনুমতি দিলেই আমরা আমাদের দল পাঠাব। তাই আমরা সেই অনুযায়ী যাব। ভারত সরকারের সিদ্ধান্তে।”

গত বছর এশিয়া কাপের আয়োজন করার সময় পাকিস্তান একটি হাইব্রিড কৌশল ব্যবহার করতে বাধ্য হয়েছিল, যেখানে ভারতের সমস্ত ম্যাচ – পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলি-সহ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টের ফাইনাল, যেটি ভারত জিতেছিল, সেটি হয়েছিল কলম্বোতে। যদিও পাকিস্তান আগের বছর ভারতে হওয়া ওডিআই বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য হাইব্রিড পদ্ধতির ব্যবহার করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল, তবে তা হয়নি। তারা গ্রুপ রাউন্ড থেকে ছিটকে যাওয়ার আগে, ভারতের পাঁচটি ভিন্ন জায়গায় তাদের ম্যাচ খেলেছে।

সর্বশেষ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। যা হয়েছিল ২০১৭ সালে।

যা খবর ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলে তাদের  লাহৌরে খেলতে হবে। ভারতের ভেন্যু হিসেবে লাহৌরকেই মনোনিত করেছে পিসিবি। এছাড়া দু’সপ্তাহের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পিসিবি তিনটি ভেন্যু করাচি, লাহৌর এবং রাওয়ালপিন্ডিকে নির্বাচিত করেছে। ভারতের খসড়া সূচিতে তাদের সব খেলা লাহৌরে খেলার জন্য বলা হয়েছে, ফাইনালের ভেন্যুও লাহৌর।

মনে করা হচ্ছে ভারতকে একই ভেন্যুতে রাখার কারণ তাদের ভ্রমণের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য লজিস্টিক এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলি এড়াতেই করা হয়েছে। এছাড়া ভারতীয়রা সহজেই লাহৌর পৌঁছতে পারবে দেশকে সমর্থন করার জন্য, এটাও একটা দিক।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এর আগে বলেছিলেন যে বোর্ড আইসিসিকে টুর্নামেন্টের একটি খসড়া সময়সূচি পাঠিয়েছে, যা আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। আটজন অংশগ্রহণকারী সদস্যকে নিয়ে আলোচনা হবে, যার প্রধান বিষয় অবশ্যই থাকবে ভারত পাকিস্তানে খেলতে যাবে কিনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *