Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি মেনে তাদের টি২০ বিশ্বকাপের ম্যাচের ভেনু বদলের কাজ শুরু করল আইসিসি। টি২০ বিশ্বকাপের চারটি ম্যাচের তিনটি কলকাতায় ইডেনে ও একটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু কেকেআর দল থেকে বাংলাদেশ ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার জন্য বিসিসিআই নির্দেশ দেওয়ার পরই পাল্টা সংঘাতের রাস্তায় নেমেছে বিসিবি। নিরাপত্তার দোহাই দিয়ে বিসিবি সাফ জানিয়েছে, যে দেশে অর্থাৎ ভারতে যেখানে বাংলাদেশ ক্রিকেটার আইপিএলের দল কেকেআর-‌এর হয়ে খেলার অনুমতি পায় না, সেখানে টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দল কোন ভরসায় খেলবে। আইসিসি যেন তাদের টি২০ বিশ্বকাপের ম্যাচ অন্যত্র সরায়। অর্থাৎ শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবি রেখেছে।

ভেনু বদল করার দাবি বা আবেদন করা যতটা সহজ, কাজটা করা তত সহজ নয়। কারণ কলকাতায় ইডেনে ৭, ৯, ১৪ ও ১৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলাদেশের টি২০ বিশ্বকাপে। এই ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরাতে গেলে বাংলাদেশ সহ বাকি দল দলগুলোর থাকাখাওয়া, যাতায়াতের ব্যবস্থার পাশাপাশি সূচীতে কিছু বদল আনতে হবে। একইসঙ্গে টি২০ বিশ্বকাপ শুরু হতে যেখানে একমাস মতো বাকি, সেখানে নতুন করে টিকিট বিক্রি ও ব্রডকাস্টিংয়ের ব্যাপারটাও ঠিক করা জরুরি। এই কারণে টি ২০ বিশ্বকাপ শুরুর মাসখানের আগে আইসিসির চেয়ারম্যান জয় শাহর পক্ষে এই ভেনু ও সূচী বদলের ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং।

মুস্তাফিজুরকে ছেঁটে ফেলা কান্ডের জের যে ভারত ও বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে জট বাড়াবে সেটা জানাই ছিল। বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় জনমানসে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার ফলে মুস্তাফিজুরকে দলে নেওয়ায় কেকেআর কর্ণধার শাহরুখ রানকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। কেকেআর টিম ম্যানেজমেন্ট কোনওরকম বিতর্কে না জড়িয়ে মুস্তাফিজুরকে আইপিএলের দল থেকে বাদ দিতে দ্বিধা করেনি।

কিন্তু বাংলাদেশ সরকার এটা মোটেই ভালভাবে নেয়নি। মহম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উপদেষ্টা আসিফ নজরুল রীতিমতো চড়া সুরে বিসিসিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। সোসাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন, ‘‌ বাংলাদেশ ক্রিকেট বা ক্রিকেটারদের কোনওরকম অপমান আমরা বরদাস্ত করব না। গোলামি করার দিন শেষ।’‌

এতদিন ভারত-‌পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বিদ্বেষের প্রভাব দু’‌দেশের খেলার মাঠে বারবার বিতর্কের জন্ম দিয়েছে, এবার নতুন করে যুক্ত হল ভারত-‌বাংলাদেশের টেনশনও। মুস্তাফিজুরকে ছেঁটে ফেলা দিয়ে ক্রিকেটে যে বিতর্ক শুরু হল, ভবিষ্যতে তা অন্য খেলাতেও পড়বে। অতীতে ও সাম্প্রতিক অতীতে ভারতের ক্লাব ফুটবলে বাংলাদেশের পুরুষ ও মহিলা ফুটবলাররা খেলে গেছেন। এখন থেকে সেটাও বন্ধ থাকবে, যতদিন না আবার ভারত-‌বাংলাদেশের মাঝে এই রাজৈতিক টেনশন কেটে বন্ধুত্বের সুর শোনা যাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *