অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ-২০২৩ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। অক্টোবরে ভারতের মাটিতে ১০ দলের মধ্যে জমে উঠবে ৫০ ওভারের এই ক্রিকেট বিশ্বকাপের লড়াই। তারই মাঝে আরও এক বিশ্বকাপের খবর চলে এল শনিবার। টি২০ বিশ্বকাপ ২০২৪-এর প্রস্তুতিও শুরু করে দিল আইসিসি। ইএসপিএন ক্রিকেটইনফোর তথ্য অনুযায়ী, আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ। যৌথভাবে এই মেগা ইভেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
সম্প্রতি আইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত ভেন্যুগুলি পরিদর্শন করেছে। ওয়েস্ট ইন্ডিজ যেখানে বিশ্বের অন্যতম ক্রিকেট আয়োজক দেশ সেখানে এই প্রথমবার আন্তর্জাতিক স্তরে ক্রিকেট ইভেন্ট আয়োজন করতে চলেছে আমেরিকা। ইতিমধ্যেই ফ্লোরিডা, মরিসভিল, ডালাস এবং নিউইয়র্ক, এই চার শহর পরিদর্শন করেছে আইসিসি। এখনও পর্যন্ত এই মেজর ক্রিকেট লিগের উদ্বোধনী ভেন্যু হিসাবে মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং ডালাসের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামের কথা ভাবা হয়েছে। তবে দু’টির মধ্যে কেউ এখনও আন্তর্জাতিক ভেন্যু হিসাবে সরকারি মর্যাদা পায়নি।
ফ্লোরিডার লওডারহিলে ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ের কিছু ম্যাচ খেলা হয়েছে। এই ভেন্যুতেই আগামীদিনে অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটি ম্যাচ। মরিসভিল, ডালাস এবং নিউইয়র্কের ভেন্যুগুলিতে বিশ্বকাপের ম্যাচ ও ওয়ার্ম আপ ম্যাচগুলিও খেলা হবে।
ওয়েবমাধ্যম ইএসপিএনের রিপোর্ট অনুযায়ী, টি-২০ বিশ্বকাপ, ২০২৪-এ মোট ২০টি দল অংশ নেবে। এইবারের বিশ্বকাপে বাছাইপর্ব হবে অনেকটাই আলাদা। ২০টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপের শীর্ষ দুই দল যোগ্যতা অর্জন করবে সেরা আটে। সেরা আটের দলগুলিকে আবার দু’টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। দু’টি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
