আইসিসি বিশ্বকাপের থিম সঙ্গীতে রণবীর সিং ও ধনশ্রী ভর্মা
অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর আবার ঘরের মাটিতে আইসিসি বিশ্বকাপ। হাতে গুণে আর মাত্র ১৫ দিন বাকি এই মেগা টুর্নামেন্ট শুরু হতে। ফলে, জোরকদমে চলছে বিশ্বকাপের আয়োজন। তার মধ্যেই বুধবার সামনে এল আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর অফিসিয়াল সঙ্গীত, ‘দিল জশন বোলে’। গানটির মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং এবং ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মাকে। ভারতীয় সঙ্গীত কম্পোজার প্রীতমের সুরে তৈরি হয়েছে এই গান। গানের কথা লিখেছেন শ্লোক লাল ও সাভেরি ভার্মা। এই গানে গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, অমিত মিশ্র, জোনিতা গান্ধীর মতো একাধিক ভারতীয় গায়ক-গায়িকারা।
অ্যান্থেম লঞ্চের পর সুপারস্টার রণবীর সিং বলেন, ‘‘স্টার স্পোর্টস পরিবারের একজন অংশ এবং একজন ক্রিকেট অনুরাগী হিসেবে, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য এই অ্যান্থেমের একটি অংশ হওয়া আমার কাছে সত্যিই সম্মানের। এটি একটি উদযাপন আমাদের প্রিয় এই খেলাটিকে নিয়ে।’’
সঙ্গীত পরিচালক প্রীতমও তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি বলেন, ‘‘ক্রিকেট হল ভারতের সবচেয়ে বড় আবেগ এবং সর্বকালের সেরা ক্রিকেট বিশ্বকাপের জন্য ‘দিল জশন বোলে’ পরিচালনা করা আমার জন্য খুবই সম্মানের বিষয়। এই গানটি শুধুমাত্র ১.৪ বিলিয়ন ভারতীয় ভক্তদের জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য। আমি আবেদন করছি গোটা বিশ্বকে, সবাই এই গানটির মাধ্যমে ভারতের সর্বকালের সবচেয়ে বড় উদযাপনে সামিল হবেন।’’
বিশ্বব্যাপী ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে এই গানের হুক-স্টেপে অংশ নেওয়ার জন্য। ক্রিকেট স্টেডিয়াম, শিক্ষাপ্রতিষ্ঠান, যে কোনও আইকনিক ল্যান্ডমার্ক কিংবা কোনও ঐতিহাসিক স্থাপনা, যাই হোক না কেন, যে কোনও মঞ্চে তাঁরা গানের তালে পা মেলাতে পারেন। ভক্তদের কেবল একজন বন্ধুর সঙ্গে গ্রুপ করতে হবে, এবং হুক-স্টেপ পারফরম্যান্স-কে ফ্রেমবন্দী করতে হবে এবং হ্যাশট্যাগ সিডব্লিউসি২৩(#CWC23) দিয়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে শেয়ার করতে হবে। সবচেয়ে সেরা ভিডিওগুলি নিয়ে একটি সম্মিলিত ফ্যান অ্যান্থেম তৈরি করার জন্য এই প্রচেষ্টা।
আইসিসির মার্কেটিং ও যোগাযোগ ব্যবস্থার ম্যানেজার ক্লায়রি ফারলং বলেন, ‘‘আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সর্বকালের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে, যেখানে বিশ্বের কোটি কোটি ভক্তরা এই সঙ্গীতের অংশ হতে পারবে। গানটি খুব সুন্দরভাবে ভারতের আবেগ এবং শক্তিকে তুলে ধরে। এবং ভক্তরা এই গানটিকে আরও বিশেষ করে তুলবে। এই বিশ্বকাপ ভক্তদেরকে গুরুত্ব দিতে চাইছে এবং এই সঙ্গীত তাদের আরও খেলার কাছাকাছি আনতে সাহায্য করবে। তাই এখনই শুনুন এবং আপনার নিজস্ব হুক-স্টেপ তৈরি করুন।’’
আগামী ৫ অক্টোবর, ২০২৩ থেকে ১৯ নভেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
