অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে কোন দল ভারতের সঙ্গে যোগ দেবে তা নিশ্চিত করতে মঞ্চ তৈরি কিন্তু বাধ সাধছে প্রকৃতি। রোহিত শর্মার দল সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পর পর ম্যাচ জিতে ফাইনালে টিকিট বুক করে ফেলেছে। বাংলাদশ দুই ম্যাচ হেরে আগেই ছিটকে গিয়েছে। এই অবস্থায় ভারতের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যারা বৃহস্পতিবার একে অপরের মুখোমুখি হবে। কিন্তু মনে করা হচ্ছে এই ম্যাচ ভেস্তে দিতে পারে বৃষ্টি এবং এই ম্যাচের কোনও রিজার্ভ ডে ঘোষণা করেনি এসিসি। কিন্তু শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যের সুপার ফোর ম্যাচটি ভেস্তে গেলে কী হবে? যে প্রশ্নগুলো উঠে আসছে।
এই ম্যাচের কি রিজার্ভ ডে আছে?
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছিল কিন্তু শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের জন্য এমন কোনও ব্যবস্থা নেই। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে ম্যাচের ফল নিশ্চিত করতে শেষ পর্যন্ত ২০ ওভারের খেলা হলেও করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।
বৃষ্টিতে খেলা ভেসে গেলে কী হবে?
বৃষ্টি ইতিমধ্যে এশিয়া কাপ ২০২৩-এর অনেক ম্যাচেই প্রভাব ফেলেছে এবং এটি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সুপার ফোর ম্যাচের ক্ষেত্রেও হতে পারে কারণ বৃহস্পতিবার কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য যে, সম্পূর্ণ ওয়াশআউটের ক্ষেত্রে, পাকিস্তানের তুলনায় ভাল নেট রান রেটের কারণে শ্রীলঙ্কা দলই ফাইনালে উঠবে।
বর্তমানে পাকিস্তানের সমান পয়েন্ট (২) থাকা সত্ত্বেও সুপার ফোর পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে। দু’টি দলই একটি করে ম্যাচ জিতেছে এবং একটি করে ম্যাচ হেরেছে। কিন্তু, পাকিস্তানের ফলাফলের মাত্রা দেখে তারা তাদের সুপার ফোর প্রতিপক্ষের তুলনায় কম নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
শ্রীলঙ্কার এনআরআর দাঁড়িয়েছে -০.২০০ এবং পাকিস্তানের -১.৮৯২-এ। তাই লঙ্কানদের হারিয়ে ফাইনালে ওঠার একমাত্র উপায় হল পাকিস্তানের আজকের ম্যাচটি হওয়া এবং সেটা জেতা।
এটাও উল্লেখ্য যে এশিয়া কাপের ইতিহাসে কখনওই ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল হয়নি। এবং বিশ্ব ক্রিকেটের সব থেকে আলোচিত ও উত্তেজক ম্যাচ এটি। চলতি এশিয়া কাপে ইতিমধ্য়েই দু’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আরও একবা হোক সেটাই চাইবে ক্রিকেটপ্রেমীরা।
এশিয়া কাপের সব থেকে সফল দল ভারত। তাদের এশিয়া কাপ জয়ের শিরোপা সংখ্যা (ওডিআই ফর্ম্যাটে) ছযটি। এদিকে শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের দখলে রয়েছে পাঁচটি। সেক্ষেত্রে পাকিস্তানের রয়েছে দু’টি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
