নিজস্ব সংবাদদাতাঃ বারবার একই ভুল করলে তো হারতে হবেই। ইডেনে চেন্নাই সুপার কিংসের কাছে বিধ্বস্ত হয়ে এমনটাই উপলব্ধি নাইট রাইডার্স দলনায়ক নীতিশ রানার। তিনি স্পষ্ট দাবি করেন যে, নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারেননি তারা।
হারের কারণ দর্শাতে গিয়ে একবার বোলারদের নিয়ে ক্ষোভ উগরে দেন, তো পরক্ষণেই ব্যাটসম্যানদের দিকে তোপ দাগেন রানা। স্পষ্ট বোঝা যায় যায় যে টানা চার ম্যাচে হেরে ভেঙে গিয়েছে কেকেআরের মনোবল। প্রথমত, পিচ যত ভালোই হোক না কেন, ২০ ওভারে ২৩৫ রান খরচ করা মেনে নেওয়া কঠিন বলে মন্তব্য করেন নীতিশ। পরে ব্যাটসম্যানরা পাওয়ার প্লে-তে রান তুলতে না পরার ফলেই যে তাদের হারতে হয়েছে, এমনটাও কার্যত দাবি করেন তিনি।
ম্যাচের শেষে নাইট অধিনায়ক বলেন, ‘এই হার হজম করা মুশকিল। এত ভালো দলের বিরুদ্ধে এই পিচে ২৩৬ রান তাড়া করা সবসময় কঠিন। বিশেষ করে যখন আমরা পাওয়ার প্লে-তে ভালো খেলতে পারিনি, তখন এত রান তাড়া করা আরও মুশকিল।’ ধারাবাহিকভাবে নিজেদের ব্যর্থতার কারণ বর্ণনা করতে গিয়ে রানা বলেন, ‘ইতিবাচক দিক অবশ্যই কিছু রয়েছে। আগেও যতগুলো ম্যাচ খেলেছি, সবেতেই কিছু ইতিবাচক দিক ছিল। ইতিবাচক দিকের কথা যদি বাদ দিই, তবে যে সব জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারনি। যদি এত বড় টুর্নামেন্টে এত বড়বড় দলের বিরুদ্ধে একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকো, তবে সব সময় ম্যাচ হেরে মাঠ ছাড়তে হবে, এটা আমার ধারণা।’
