অলস্পোর্ট ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুড়েছে ভারত। যে কারণে রবিবারে ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। কিন্তু দুই দলের সামনেই লক্ষ্য ছিল ব্যবধান বাড়ানোর। ভারত চেয়েছিল সিরিজ ৪-১ করতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে ছিল ব্যবধান কমানোর লক্ষ্য। ৩-২ সিরিজ শেষ করেই দেশে ফেরতে চেয়েছিল সদ্য বিশ্বকাপজয়ীরা। রবিবার বেঙ্গালুরুতে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ম্যাথু ওয়েড। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে আট উইকেটে থামে ১৬০ রানে। তবে ২০ ওভারে এই লক্ষ্যে পৌঁছতে পারেনি অজিরা। ৬ রান পিছনেই থামতে হয়। ভারত সিরিজ ৪-১ জিতেই শেষ করল।
এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল ২১ ও রুতুরাজ গায়কোয়াড় ১০ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ভারতের ব্যাটিংকে ভরসা দেন শ্রেয়াস আইয়ার। ৩৭ বলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৩ রান করেন শ্রেয়াস। চার ও পাঁচ নম্বরে নামা অধিনায়ক সূর্যকুমর যাদব ৫ ও রিঙ্কু সিং ৬ রান করে আউট হয়ে যান। যে রিঙ্কু এই সিরিজে তাঁর ব্যাটে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলেছিলেন এদিন তেমনটা দেখা গেল না।
তবে শেষের দিকে ব্যাট করতে নেমে ভারতের রানকে কিছুটা এগিয়ে দিলেন জিতেশ শর্মা ওও অক্ষর প্যাটেল। জিতেশের ব্যাট থেকে এল ২৪, যখন অক্ষর ৩১ রানের ইনিংস খেললেন।রবি বিষ্ণোই আউট হলেন মাত্র ২ রানে। ২ রান করে অপরাজিত থাকলেন অর্শদীপ সিং। অস্ট্রেলিয়ার হয়ে দুটো করে উইকেট নেন জেসন বেহেনড্রফ ও বেন ডোয়ারশুইস। একটি করে উইকেট নেন অ্যারন হার্ডি, নাথান এলিস ও তনভীর সংঘা।
জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানের লক্ষ্যে শুরুট ভাল হয়নি অস্ট্রেলিয়ার। দুই ওপেনার ত্রাভিস হেড ২৮ ও জোশ ফিলিপ ৪ রান করে আউট হন। ভারতের মতই তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন বেন ম্যাকডারমট। ৩৬ বলে পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। একাই টানেন প্রায় শেষ পর্যন্ত। কারণ তাঁর সঙ্গে ব্যাট করতে নেমে অ্যারন হার্ডি ৬, টিম ম দাভিদ ১৭, বেন ডোয়ারশুইস ০ রান করে আউট হন।
ম্যাথু ওয়েড শেষ ওভারে থাকলেও ৬ বলে ১০ রানে পৌঁছতে পারেনি তাঁর দল। শেষ ওভারে বল করছিলেন অর্শদীপ। প্রথম দুটো বল ডট হওয়ার পর তৃতীয় বলে আউট হয়ে যান ওয়েড। করেন ২২ রান। শেষ বলে দরকার ছিল ৮ রান। যা অসম্ভব ছিল। নাথান এলিস ৪ ও জেসন বেহেনড্রফ ১ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে অস্ট্রেলিয়া থামে ১৫৪-৮-এ। ভারতের হয়ে তিন উইকেট নেন মুকেশ কুমার। জোড়া উইকেট নেন রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
