অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার এশিয়ান গেমস ২০২৩-এর প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল নেপাল। যশস্বী জয়সওয়ালের অসাধারণ ইনিংসের সৌজন্যে নেপালকে সহজেই হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটে ঝড় তোলেন যশস্বী। ৪৯ বলে আটটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রান করে আউট হন তিনি। তাঁর ব্যাটের সাহায্যেই ভারত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০২ রান তোলে।
ভারতের হয়ে এছাড়া ২৫ রানের ইনিংস খেলেন স্বয়ং অধিনায়ক। তিলক ভর্মা ২ ও জিতেশ শর্মা ৫ রান করে আউট হন। ২৫ রানে শিভম দুবে ও ৩৭ রানে রিঙ্কু সিং অপরাজিত থাকেন। নেপালের হয়ে জোড়া উইকেট নেন দীপেন্দ্র সিং। একটি করে উইকেট নেন সোমপাল কামি ও সন্দীপ লামিচানে।
২০৩ রানের লক্ষ্যে নেমে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৭৯ রানেই থামতে হয় নেপালকে। কুশল ভুর্তেল ২৮, আসিফ শেখ ১০, কুশল মাল্লা ২৯, রোহিত পদেল ৩, দীপেন্দ্র সিং ৩২, সন্দীপ জোরা ২৯, সোমপাল কামি ৭, গুলশন ঝা ৬, সন্দীপ লামিচানে ৫ রান করে আউট হয়ে যান। ১৮ রান করে অপরাজিত থাকেন করণ কেসি।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন আভেশ খান ও রবি বিষ্ণোয়। দুই উইকেট নেন অর্শদীপ সিং। এক উইকেট নেন সাই কিশোর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
