অলস্পোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই জিতে সিরিজে এগিয়ে গেল ভারত। রবিবার ভদোদরায় টস জিতে প্রথমে কিউইদের ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩০০ রান করে ফেলে নিউজিল্যান্ড। যে লক্ষ্য খুব সহজ ছিল না ভারতের জন্য। কিন্তু রোহিত শর্মা ছাড়া টপ অর্ডারের ব্যাটে এই বিশাল লক্ষ্যমাত্রা সহজ হয়ে যায় ভারতের জন্য। যার জেরে ছয় বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হোম টিম। ছক্কা হাঁকিয়ে ভারতকে ৬ উইকেটে ৩০৬ রানে পৌঁছে দেন কেএল রাহুল।
এদিন নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। দু’জনের ব্যাট থেকেই এল হাফ সেঞ্চুরি। জুটিতে এল ১১৭ রান। কনওয়ে ৫৬ ও নিকোলাস ৬২ রান রান করে আউট হন। তিন নম্বরে নেমে উইল ইয়ং ১২ রান করে আউট হওয়ার পর কিউই ব্যাটিংয়ের হাল ধরেন ড্যারেল মিচেল। ৭১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া গ্লেন ফিলিপ্স ১২, মিচেল হে ১৮, মিচেল ব্রেসওয়েল ১৬ ও জ্যাক ফোকস ১ রান করে আউট হন। ২৪ রানে ক্রিস্টিয়ান ক্লার্ক ও ৮ রানে কেইল জেমিসন অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রানে থামে নিউজিল্যান্ড।
ভারতের হয়ে দুটো করে উইকেট নেন মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণা। এক উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ওপেনার রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি। ৩০ রানে এক উইকেট থেকে ভারতের রানকে ১৫৭ রানে নিয়ে যান এই দুই ব্যাটার। শুভমান গিলের ব্যাট থেকে আসে ৫৬। বিরাট কোহলি অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ৯১ বলে ৯৩ রান করে আউট হন তিনি। শ্রেয়াস আইয়ারও এক রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন। তবে ততক্ষণে দলের রানকে নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দিয়েছে ভারতের টপ অর্ডার।
এছাড়া রবীন্দ্র জাডেজা ৪ ও হর্ষিত রানা ২৯ রান করে আউট হন। কেএল রাহুল ২৯ ও ওয়াশিংটন সুন্দর ৭ রানে অপরাজিত থাকেন। ৪৯ ওভারে ৩০১ রানের লক্ষ্যে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রানে থামে ভারত। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন কেইল জেমিসন। একটি করে উইকেট নেন আদিত্য অশোক ও একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিস্টিয়ান ক্লার্ক। ম্যাচের সেরা বিরাট কোহলি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
