Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হারের জ্বালা শেষ পর্যন্ত মিটল ভারতের। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল ভারত। রবিবার গুয়াহাটিতে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠা‌ন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৫৩ রান করে থামে। জবাবে ব্যাট করতে নামে মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নেয় ভারত। কোনও লড়াই দিতে পারেননি কিউই বোলাররা। যার পুরো সুযোগ তোলে ভারতের টপ অর্ডার।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের কোনও ব্যাটারই বড় রানে পৌঁছতে পারেননি। দুই ওপেনার ডেভন কনওয়ে ১ ও টিম সিফার্ট ১২ রানে আউট হয়ে ফেরেন। তিন নম্বরে নেমে রাচিন রবীন্দ্রও ভরসা দিতে পারেননি। ৪ রানে ফেরেন প্যাভেলিয়নে। এর পর চার ও পাঁচ নম্বরে নামা গ্লেন ফিলিপ্স ও মার্ক চ্যাপম্যান কিছুটা চেষ্টা করেন। তবে তা দলের রানকে লড়াইয়ের যোগ্য জায়গায় পৌঁছে দিতে পারেনি। গ্লেন ৪৮ ও মার্ক ৩২ রান করে আউট হন। এর সঙ্গেই বড় রানের সব আশা শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের।

ড্যারেল মিচেল ১৪, মিচেল সাঁতনার ২৭, কেইল জ্যামিসন ৩, ম্যাট হেনরি ১ রান করে আউট হন। ২ রানে ইশ সোধি ও  ৪ রানে্ জ্যাকব ডাফি অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৫৩-৯-এ থামে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দু’টি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্যে ও রবি বিষ্ণোই। ১ উইকেট হর্ষিত রানার। এদিন ভারত প্রথম দুই ম্যাচের দলে দুটো পরিবর্তন করেছিল। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে দলকে সাফল্য এনে দিলেন বুমরাহ ও বিষ্ণোই।

১৫৪ রানের লক্ষ্যে নেমে সহজেই জয়ের রান তুলে নেয় ভারত। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। মাত্র ১ বল খেলে কোনও রান না করেই বোল্ড আউট হয়ে ফেরেন স্যামসন। সিরিজ জিতে যাওয়ায় শেষ দুই ম্যাচে সঞ্জুকে বিশ্রাম দিয়ে ঈশান কিষাণকে উইকেটের পিছনে পরীক্ষা করতেই পারে টিম ম্যানেজমেন্ট। কারণ ব্যাট হাতে সফল তিনি। এদিন ২৮ রানের ইনিংস খেলেন ঈশান। অভিষেক শর্মা ২০ বলে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫৭ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ৬০ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও ইশ সোধি। ম্যাচের সেরা হয়েছেন যশপ্রীত বুমরাহ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *