কুলদীপ যাদব ও তিলক ভার্মা। ছবি—বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা খেলবেন কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু ম্যাচে সঞ্জু স্যামসনকে সরিয়ে তাঁকেই জায়গা করে দেওয়া হল। ওপেনও করতে নামলেন কিন্তু প্রথম ওভারেই কোনও রান না করে ফিরে গেলেন প্যাভেলিয়নে। এক কথায় কোনও কাজে লাগল না অভিষেকের প্রত্যাবর্তন। বরং আরও একটু বিশ্রাম পেলে হয়তো ভালো হতো। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের সব থেকে উত্তেজক ম্যাচের আগে তাঁর প্রত্যাবর্তন ছিল সব থেকে আলোচ্য বিষয়। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬১ রান আগেই থামল পাকিস্তান। তিন ম্যাচের তিনটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার আট নিশ্চিত করল ভারত।
এদিন ঈশান কিষাণের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ৪ বল খেলেই রানের খাতা না খুলে ফিরে যান অভিষেক শর্মা। এর পর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ফর্মের তুঙ্গে থাকা ঈশান। সব বড় রান আসে তাঁরই ব্যাটে। সবার ব্যর্থতার মধ্যে তিনিই এদিনের ভরসা ছিলেন। ৪০ বলে ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। তিল ভার্মা ফেরেন ২৫ রানে। এর পর অধিনায়ক সূর্যকুমার যাদব দলের রানকে এগিয়ে নিয়ে যান। ৩২ রানের ইনিংস খেলেন তিনি। মাঝে হার্দিক পাণ্ড্যে ফেরেন কোনও রান যোগ না করেই। শিবম দুবে ২৭ রান করে রান আউট হন রিঙ্কু সিংয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। শেষ বলে আউট হন অক্ষর প্যাটেল। তাঁর নামের পাশেও ছিল সেই শূন্য। ১১ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। ২০ ওভারে ভারত থামে ১৭৫-৭-এ।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন সাইম আয়ুব। অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন তিনি। তিলক ভার্মা ও হার্দিক পাণ্ড্যেকে পর পর প্যাভেলিয়নে ফেরান তিনি। তবে হ্যাটট্রিক করা হয়নি। যদিও ঈশান কিষাণের উইকেটও লেখা হয়েছিল তাঁরই নামে। এছাড়া একটি করে উইকেট নেন সলমন আঘা, শাহীন শাহ আফ্রিদি ও উসমান তারিক।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং। অভিষেকের মতো পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানও প্রথম ওভারেই ফেরেন রানের খাতা না খুলে। এর পর আর এক ওপেনার সাইম আয়ুবকে ৬ রানে ও অধিনায়ক সলমন আঘাকে ৪ রানে ফিরিয়ে দেন যশপ্রীত বুমরাহ। বাবর আজম ফেরেন ৫ রানে। ৫ ওভারে ৩৪-৪-এ পৌঁছে যায় পাকিস্তান। এর পর পাঁচ নম্বরে নেমে প্রথম ডবল ফিগারে পৌঁছন উসমান খান। ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে তা যথেষ্ট ছিল না লক্ষ্যে পৌঁছানোর জন্য।
এর পর শাদাব খান ১৪, মহম্মদ নওয়াজ ৪, ফাহিম আশরাফ ১০, আবরার আহমেদ ০ ও উসমান তাকিক ০ রান করে ফিরে যান। শাহিন শাহ আফ্রিদি ২৩ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে দুটো করে উইকেট নিলেন হার্দিক পাণ্ড্যে, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্থী। একটি করে উইকেট কুলদীপ যাদব ও তিলক ভার্মার। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬১ রানে হেরে বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে হারের ধারা ধরে রাখল পাকিস্তান। ম্যাচের সেরা ঈশান কিষাণ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
