Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫-এ রবিবারের ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে অনেক আগে থেকেই টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তার পর এশিয়া কাপে সূর্যকুমারদের করমর্দন বিতর্ক এই ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। মেয়েদের ভারত-পাকিস্তান ম্যাচে দুই অধিনায়ক বা দুই দলের প্লেয়াররা করমর্দন করবেন কিনা তা নিয়েও ছিল জল্পনা। তবে শেষ পর্যন্ত একই পথে হেঁটেছেন হরমনপ্রীত কৌর। টসে দুই অধিনায়ক একে অপরের দিকে তাকানওনি, করমর্দন তো দূরের কথা। তার মধ্যেই তৈরি হয়েছে টস বিতর্কও। এই ম্যাচেই ভারতের ব্যাটিংয়ের সময় পোকার অত্যাচারে ১৫ মিনিটের জন্য খেলা বন্ধও রাখতে হয়েছে। সব মিলে ঘটনাবহুল ম্যাচ ছিল কলম্বোর প্রেসদাসা স্টেডিয়ামে। ম্যাচ রেফারির ভুলে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তান ক্যাপ্টেন ফতিমা সানা। প্রথমে ব্যাট করে ২৪৮ রানের টার্গেট রেখেছিল ভারত। কিন্তু সেই লক্ষ্যে ৮৮ রান আগেই থামতে হল পাকিস্তানকে।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে খুব একটা আত্মবিশ্বাসী না দেখালেও ভারত পুরো ৫০ ওভার খেলে ২৪৭ রান তোলে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান না পাওয়া দলের অন্যতম সেরা ওপেনার স্মৃতি মন্ধনা এদিনও বড় রানে পৌঁছতে পারেননি। ২৩ রান করে ফেরেন তিনি। তিন নম্বরে নামা হার্লিন দেওল ওপেনার প্রতিকা রাওয়ালের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন। প্রতিকা ফেরেন ৩১ রানে। হার্লিন অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। ৪৬ রান করে আউট হন তিনি। এর পর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ১৯ রানে আউট হওয়ার পর জেমিমা ও রিচা ভারতের রানকে এগিয়ে দেন অনেকটাই।

জেমিমা রডরিগেজ ৩২, দীপ্তি শর্মা ২৫, স্নেহ রানা ২০ শ্রী চরণী ১, ক্রান্তি গৌর ৮ ও রেনুকা সিং কোনও রান না করেই ফেরেন প্যাভেলিয়নে। ২০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন দিয়ানা বেগ। দুটো করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ফতিমা সানা। একটি করে উইকেট নেন রামিন শামিম ও নাশরা সান্ধু।

২৪৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দুই ওপেনার মুনিবা আলি ও সাদাফ শামাস ২ ও ৬ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। এক পর্যায়ে পাকিস্তানের রান ছিল ২৬/৩। এখান থেকে পাকিস্তান ব্যাটিংয়ের হাল ধরেন সিদরা আমিন ও নাতালিনা পারভেজ। মাঝে ২ রানে ফেরেন আলিয়া রিয়াজ। নাতালিয়া ফেরেন ৩৩ রানে। ভারতের হয়ে প্রথম চার উইকেটের মধ্যে তিনটিই নেন ক্রান্তি গৌর। একটি রান আউট।

পাকিস্তানের ওপেনার মুনিবা আলির রান আউটও বিতর্ক তৈরি করে। তাঁকে দেখা যায় আম্পায়ারের সঙ্গে কথা বলতেও। তৃতীয় আম্পায়ার প্রথমে নট-আউট দিয়ে পরে আবার আউট দেন, তাতে বিতর্ক চরমে ওঠে। চতুর্থ ওভারে ক্রান্তি গৌড়ের বল আলির প্যাডে লাগে, যে কারণে এলবিডব্লু-র আবেদন করে ভারত। এই সময়, পাকিস্তানের ওপেনার ক্রিজের বাইরে ছিলেন এবং ধীরে ধীরে ক্রিজে ফিরে আসেন কিন্তু তাঁর পা তখনও লাইনের বাইরে ছিল। আলি প্রথমে ব্যাট গ্রাউন্ড করেন, কিন্তু বলটি স্টাম্পে লাগার সঙ্গে সঙ্গে বেল ছিটকে যায় এবং তাঁর ব্যাট ক্রিজ থেকে উঠে যায়, তখনও তাঁর পা ক্রিজের বাইরে ছিল। দ্বিতীয়বার দেখার পর তৃতীয় আম্পায়ার আউট দেন।

এর মধ্যেই পাকিস্তানকে ভরসা দেন সিদরা আমিন। হাফ সেঞ্চুরি করেন তিনি (৮১)। কিন্তু উল্টোদিকে ভরসা দেওয়ার মতো আর কেউ ছিলেন না। ক্যাপ্টেন ফতিমা সানা ছয় নম্বরে নেমে মাত্র ২ রান করে আউট হয়ে যান। এর পর সিদরা নওয়াজ ১৪, রামিন শামিম ০ রানে ফিরে যান প্যাভেলিয়নে। দিয়ানা বেগ ৯ রান করে রান আউট হন। সাদিয়া ইকবাল ০ রানে ফিরতেই জয়ের হাসি হাসে ভারত। ২ রানে অপরাজিত থাকেন নাশরা সান্ধু। ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে বল হাতে এদিন অসাধারণ ছিলেন ক্রান্তি গৌর। ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। ম্যাচের সেরাও তিনি। তিন উইকেট নেন দীপ্তি শর্মা ও ২ উইকেট স্নেহ রানার। ৮৮ রানে পাকিস্তানকে হারিয়ে দুই দলের লড়াই ১১-০ থেকে ১২-০ করেই মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *