ঈশান কিষাণ। ছবি— বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি২০ বিশ্বকাপ ২০২৬। সব দলের প্রস্তুতি শেষ। তবুও শেষ মুহূর্তের প্রস্তুতিতে অনেক দলই প্র্যাকটিস ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে। ভারত সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে শেষ করেছে। যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে দলের মধ্যে। তবুও বুধবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য ৩০ রান আগেই থেমে যায়। যার ফল টি২০ বিশ্বকাপ শুরুর আগে সহজ জয় ভারতের আত্মবিশ্বাস বাড়াবে।
এদিন ভারতের হয়ে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঈশান কিষাণ। সঞ্জু স্যামসনের ফর্ম তাঁকে কিছুটা পিছিয়ে দিয়েছে টি২০ বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে। যে কারণে উইকেট কিপিংয়েও মেপে নেওয়া হয়েছে ঈশানকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু দলে থাকলেও উইকেট কিপিং করেন ঈশান। সেই সিরিজেও ব্যাট হাতে দুরন্ত সাফল্য পেয়েছেন ঈশান, এদিনও অনুশীলন ম্যাচে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান এল তাঁরই ব্যাটই। ২০ বলে ৫৩ রানের ইনিংস খেললেন তিনি। অভিষেক ফেরেন ২৪ রানে, তবে রিটায়ার্ড হার্ট হয়ে। যা বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে।
এছাড়া তিলক ভার্মা ৪৫, সূর্যকুমার যাদব ৩০, রিঙ্কু সিং ১৬, হার্দিক পাণ্ড্যে ৩০ রান করে প্যাভেলিয়নে ফেরেন। ৩৫ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ২০ ওভারে ২৪০-৫-এ থামে ভারতের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নেন মার্কো জানসেন, করবিন বোশ, এনরিচ নর্তজে ও কোয়েনা মাফাকা। জবাবে ব্যাট করতে নেমে ভারতের অভিষেকের মতো রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার ওপেনার অধিনায়ক আইদেন মারক্রাম। তাঁর ব্যাট থেকে আসে ৩৮ রান।আর এক ওপেনার জর্জ লিনডে ফেরে রানের খাতা না খুলেই।
এছাড়া রায়াল রিকলটন সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। ডিওয়াল্ড ব্রেভিস ২, ডেভিড মিলার ১৩, জেসন স্মিথ ৩৫, মার্কো জানসেন ৩১ রানে ফেরেন প্যাভেলিয়নে। ক্রিস্তান স্তাবস ৪৫ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ২১০-৭-এই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্থী, অক্ষর প্যাটেল। জোড়া উইকেট অভিষেক শর্মার। ব্যাট করার সময় রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও ফিল্ডিং করতে নেমে বল হাতে উইকেটও তুলে নেন অভিষেক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
