Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান, শ্রেয়া ঘোষালের গান আর জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলী দিয়ে গুয়াহাটিতে শুরু হয়ে গেল আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে ঘরের মাঠে বার্তা‌ দিয়ে রাখলেন ভারতের মেয়েরা। মাঝে বৃষ্টি কিছুটা বাধা তৈরি করলেও ম্যাচ শেষ হল ডিএলএস মেথডে। যেখানে ৫৯ রান জিতে এগিয়ে থাকল ভারত। মঙ্গলবার যখন দূর্গা পুজোর আবহে মাতোয়ারা দেশের বিভিন্ন অংশ তখন জিতে নারীশক্তির উত্থানের বার্তা দিয়ে রাখল হরমনপ্রীতের মেয়েরা। এদি‌ন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ২১১ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ডিএলএস মেথডে ৫৯ রানে জয় তুলে নেয় ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং। দলের সব থেকে বিশ্বস্ত ব্যাটার স্মৃতি মন্ধনা মাত্র ৮ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার প্রতিকা রাওয়াল হার্লিন দেওয়েল সঙ্গে ভারতের রানকে এগিয়ে নিয়ে যান যখন বৃষ্টি এসে খেলাকে থমকে দেয়। প্রতিকা ৩৭ ও হার্লিন ৪৭ রানে আউট হন। এর পর হরমনপ্রীত ২১, জেমিমা ০ ও রিচা ২ রান করে আউট হয়ে যাওয়ায় ভারতীয় ব্যাটিং আবার চ্যালেঞ্জের মুখে পড়ে। সেখান থেকে ভারতের ব্যাটিংকে উদ্ধার করেন দীপ্তি শর্মা ও অমনজ্যোত কৌর। দীপ্তি ৫৩ ও অমনজ্যোত ৫৭ রান করে ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। ২৮ রানে অপরাজিত থাকেন স্নেহ রানা। ভারত থামে ২৬৯-৮-এ।

শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন ইনোকা রানাবেরা। ২ উইকেট নেন উদেশিকা প্রাবোধানী। ১টি করে উইকেট নেন আচিনি কুয়াসুরিয়া ও চামারি আথাপাত্তু। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার হাসিনি পেরেরা ১৪ ও চামারি আথাপাত্তু ৪৩ রান করে আউট হল। শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪৩-ই। এর পর আর কেউ বড় রানে পৌঁছতে পারেননি। ৪৫.আ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ৩ উইকেট নেন দীপ্তি। ২টি করে উইকেট নেন স্নেহ ও শ্রী। একটি করে উইকেট ক্রান্তি, অমনজ্যোত ও প্রতিকার। ব্যাটে বলে সেরাটা দিয়ে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *