অলস্পোর্ট ডেস্ক: সব বিশেষজ্ঞদের সব জল্পনাতে জল ঢেলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম দলে সঞ্জু স্যামসনকে রেখে রীতিমতো চমক দিল। ৫৭ রানে অল আউট হয়ে চমক দিল হোম টিমও। এবারের এশিয়া কাপের আসর বসেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। ঘরের মাঠে টুর্নামেন্ট। যে কারণে তাদের আগে থেকেই সহজভাবে নেওয়ার কোনও জায়গা ছিল না ভারতের সামনে। বরং ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তা পরিষ্কার করে দিয়েছিলেন। কিন্তু শুরুতেই ধাক্কা খেল হোম টিম। মাত্র ৫৭ রানে আউট হয়ে হতাশার রেকর্ড লেখা হল তাদের ক্রিকেটের ইতিহাসে। যে লক্ষ্যে সহজেই পৌঁছে গেল ভারত। ৯৩ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে শুরুটা জয়ের সঙ্গে করে এশিয়া কাপের পরের ম্যাচে নামবে টুর্নামেন্টের ফেভারিটরা।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। ওপেনার আলিশান শারাফুর ২২ রানই ব্যক্তিগত সর্বোচ্চ। আর এক ওপেনার অধিনায়ক মহম্মদ ওয়াসিম দ্বিতীয় সর্বোচ্চ রান ১৯ করে আউট হন। বাকি আর কেউ তিন রানের উইকটে যেতে পারেননি। মহম্মদ জোহেব, আসিফ খান, হর্ষিত কৌশিক যথাক্রমে দুই করে রান করে আউট হন।তিন রান করেন রাহুল চোপড়া। এক রান করে করেন ধ্রুব পরাশর, সিমরানজিৎ সিং ও হায়দার আলি। শূন্য রানে ফেরেন জুনেইদ সিদ্দিকি। দুই রান করে অপরাজিত থাকেন মহম্মদ রোহিদ। ১৩.১ ওভারে ৫৭ রান করে অলআউট হয়ে যায় ইউএই।
ভারতের বোলিং এক্ষেত্রে সফল ঠিকই তবে পরীক্ষিত নয় এই দুর্বল ব্যাটিংয়ের বিপক্ষে। ২.১ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ২ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নেন শিবম দুবে। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্থী। এই বাজারেও উইকেট আসেনি হার্দিক পাণ্ড্যের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে প্রত্যাশিত সহজ জয় তুলে নেয় ভারত। এই জয় পেতে মাত্র ২৭টি বল লাগে ভারতের। তবে একটি উইকেটও হারাতে হয়। ভারতের হয়ে ৫৮ রানের লক্ষ্যে ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা ও শুভমান গিল। অভিষেক ১৬ বলে দুটো বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩০ রান করে আউট হন। অন্যদিকে ৯ বলে ২০ করে অপরাজিত থাকেন শুভমান। তিন নম্বরে নেমে স্বয়ং অধিনায়ক সূর্যকুমার ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। ৪.৩ ওভারে ৬০-১-এ শেষ করে ভারত। ইউএই-র একমাত্র উইকেটটি নেন জুনেইদ সিদ্দিকি।
ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্থী, যশপ্রীত বুমরাহ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
