Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্র‌্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বোলিং বিভাগের চোট সমস্যা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন একটা মস্ত বড় সুখবর দিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। জানিয়েছেন, ঋষভ পন্থই উইকেটকিপার হিসেবে ম্যাচে খেলবেন। এতে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে একটা বিরাট স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়ার কারণ হবে।

তৃতীয় টেস্টে ঋষভ পন্থ মাত্র ৩৫ ওভার উইকেটকিপারের ভূমিকায় ছিলেন। তারপর চোট পাওয়ায়, তাঁর জায়গায় বাকি ম্যাচে উইকেটকিপারের দায়িত্ব পালন করেন ধ্রুব জুরেল। কিন্তু জুরেলের পারফরমেন্স উইকেটের পিছনে মোটেই আশাপ্রদ হয়নি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ২৫ রান বাই দেওয়ার পিছনে জুরেলের নড়বড়ে ভাব অন্যতম কারণ। ভারত ম্যাচটা শেষপর্যন্ত হারে মাত্র ২২ রানে।

চতুর্থ টেস্টে শেষপর্যন্ত মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরার সঙ্গে তৃতীয় পেসার কে হবেন, তা নিয়েও একটা জল্পনা চলছে। ভারতীয় দলের অধিনায়ক শুভমান আভাস দিয়ে রাখলেন, চতুর্থ টেস্টে পেসার আনসুল কম্বোজের অভিষেক ঘটার সম্ভাবনা প্রবল। তবে চুড়ান্ত দল ঘোষণা করার আগে আনসুল ও প্রসিদ কৃষ্ণাকে আরও একবার নেটে দেখে নিতে চান। শুভমানের মতে, ‘‌ চোটের জন্য আরশদীপ ও আকাশদীপ না থাকলেও, দু’‌ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ২০ উইকেট নেওয়ার মতো বোলিং স্ট্রেংথ দলে আছে। আনসুলকে নেটে দেখেছেন। বেশ চনমনে। মনে করেন, আনসুল ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। যদি শেষপর্যন্ত আনসুল খেলেন, তাহলে ২৪ বছর বয়সী এই পেসারের দেশের জার্সিতে এটা হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথমশ্রেণীর ক্রিকেটে ২৪ ম্যাচে আনসুলের শিকার ৭০ উইকেট। ব্যাটে একটি অর্ধ শতরানও আছে।

এদিকে, ৩ টেস্টে মাত্র ১৩১ রান করার পরও করুণ নায়ারের ওপর আস্থা হারাচ্ছেন না শুভমান। তাঁর বক্তব্য,‘‌ টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে নায়ার ফর্মে ফিরবে। যদিও ৬টি ইনিংসে নায়ারের ব্যাটে অবদান ০, ২০, ৩১, ২৬, ৪০ ও ১৪, তবু তাকে সুযোগ দেওয়া যেতেই পারে। ব্যাটিং খুব খারাপ করছে নায়ার, এটা মনে করছে না টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে নিজের ব্যাটিং অর্ডারে খেলেনি নায়ার। একবার ৫০র ঘরে পৌঁছে গেলে, নায়ারের ব্যাটে বড় রান আসা অসম্ভব নয়।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *