Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আইসিসি টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় ব্রিগেড পৌঁছে গেছে কলম্বোয়। রবিবার প্রেমদাসা স্টেডিয়ামের মাঠে পাকিস্তানের মোকাবিলায়। হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই অনেক নাটক হয়েছে। একসময় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলেছিল পাকিস্তান। পরে এই সিদ্ধান্ত বদল করে ম্যাচ খেলছে তারা। এসব নিয়ে অবশ্য কোনও চাপ নেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাঁর সতীর্থরা। বরং তাঁরা ম্যাচ খেলার জন্য সবসময়ই তৈরি ছিলেন। এখনও পুরো খোশমেজাজে আছেন।

সেটা ধরা পড়েছে, ভারতীয় ক্রিকেটারদের শরীরি ভাষা ও মেজাজে কলম্বো বিমানবন্দরে পা রাখার সময়। কলম্বো বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে শ্রীলঙ্কার বর্ণময় পোশাকে বাদ্যযন্ত্র নিয়ে হাজির ছিলেন স্থানীয় কলাকুশলীরা। এটা বেশ উপভোগ করেছেন ভারতীয় দলের সকলে। ভারতীয় দলের চিফ কোচ গৌতম গম্ভীরকে খুব একটা হাসতে বা কোনওরকম বাড়তি প্রতিক্রিয়া দিতে দেখা যায় না। তাঁর মুখেও এদিন হাল্কা হাসি খেলে যায়। মনে হল পাকিস্তানের ম্যাচের আগে তিনি চাপমুক্ত আছেন।

ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভিড়ের মধ্যে দিয়ে নাচ ও গানের তালে তালে পা মিলিয়ে গিয়ে উঠে পড়েন টিম বাসে। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন আর্শদীপ সিং। ভারতীয় দলের পেসার বিমানবন্দর চত্বরে ড্রামের বিটের সঙ্গে ভাঙ্গরা নেচে সকলকে মাতিয়ে দেন। তাঁর সেই নাচ ইতিমধ্যেই সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এতে একটা ব্যাপার খুব পরিষ্কার, ভারতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান ম্যাচের আগে বাড়তি কোনও টেনশনে নেই। বরং চাপ লেনেকা নেহি, দেনেকা মেজাজেই আছেন।

আশা করা যায় কলম্বো বিমানবন্দরে নেচে যেভাবে মাতিয়েছেন আর্শদীপ, সেভাবে রবিবার মাঠে পাকিস্তান ব্যাটারদের নিজেদের বোলিংয়ের জোরে নাচিয়ে ছাড়বেন বুমরা, আর্শদীপ, হার্দিক, অক্ষর, বরুণরা। পাকিস্তানের বিরুদ্ধে আর্শদীপের রেকর্ড বেশ ভাল। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ৩-‌৩২।

অলরাউন্ডার হার্দিকের পাকিস্তান ম্যাচে সাফল্যের খতিয়ান বেশ ঈর্ষণীয়। ১২ ইনিংস খেলে করেছেন ৩১৫ রান। স্ট্রাইক রেট ১২৬.‌৫০। যার মধ্যে আছে ২টি অর্ধ শতরান। বল হতে নিয়েছেন ২৫ উইকেট। সেরা বোলিং ফিগার ৩-‌৮। পাকিস্তান ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারেন স্পিনার বরুণ চক্রবর্থী। ৩৮ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৬৩ উইকেট। যার মধ্যে একটি ৪ উইকেট ও একটি ৫ উইকেট প্রাপ্তির কৃতিত্ব রয়েছে।

ভারতের ব্যাটিংয়ে বড় রান আসা নির্ভর করবে বর্তমানে ফর্মে থাকা ইশান কিষাণের ওপর। আর এক ওপেনার অভিষেক শর্মার পাকিস্তান ম্যাচে খেলা নির্ভর করছে, রবিবারের মধ্যে কতটা ফিট হবেন তারওপর। পেটের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন প্রথম ম্যাচের পর। হাসপাতাল থেকে ছাড়া পেলেও নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। পাকিস্তান ম্যাচে দলে থাকবেন কিনা, সেটা কলম্বোর নেটের অনুশীলনের পরই বোঝা যাবে।

পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হয়ে ওঠার সম্ভাবনা তিলক ভার্মার। গতবছর এশিয়া কাপ জয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ৩টি ইনিংস খেলে ১৩০ রান করেছেন তিলক। তার মধ্যে এশিয়া কাপ ফাইনালে ঝকঝকে অপরাজিত ৬৯ রানের ইনিংস রয়েছে। আর ভুললে চলবে না, ফর্মে ফিরেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। আমেরিকার বিরুদ্ধে শুরুতে উইকেট হারিয়ে ভারত কিছুটা সমস্যায় পড়লেও সূর্যকুমার যাদব অনবদ্য ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট যে ঝলসে ওঠার অপেক্ষায় আছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *