অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট শিবির এখন একটা হাসপাতালের চেহারা নিয়েছে। একসঙ্গে এতজন ক্রিকেটারের চোটের জন্য এমন অস্বস্তিকর পরিস্থিতিতে এর আগে খুব কমবার পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। প্রথম তিন টেস্টের দুটিতে হেরে ১-২ ফলে পিছিয়ে থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ডট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের শক্তির থেকে ভারতের বেশি সমস্যা চোটের জন্য দলের একাধিক ক্রিকেটারকে চোটের জন্য না পাওয়া।
ভারতীয় দলের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি হাঁটুর চোটের জন্য ইংল্যান্ডের বাকি দুটো টেস্ট থেকে ছিটকে গেছেন। রেড্ডি এজবাস্টন ও লর্ডস টেস্টে খেলেছিলেন। এজবাস্টন টেস্টে রেড্ডি সম্পূর্ণ ব্যর্থ বললে ভুল হবে না। কারণ ওই টেস্টেই দু’ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ২ রান। কোনও উইকেট পাননি। তৃতীয় অর্থাৎ লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডুকেট ও জ্যাক ক্রলির উইকেট নিয়ে, ব্যাটিংয়ে দু’ইনিংসে ৩০ ও ১৩ রান করে কিছুটা হলেও নিজের অবদান রেখেছিলেন রেড্ডি। কিন্তু চোটের জন্য রেড্ডি সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ২৩ জুলাই ওল্ডট্র্যাফোর্ড টেস্টে বোলিং বিভাগের শক্তিতে সামান্য হলেও ঘাটতি থাকছে, কুঁচকির চোট আকাশদীপ কাটিয়ে উঠতে না পারায়।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছিল, মহম্মদ সিরাজের সঙ্গে আরশদীপ সিংকে চতুর্থ টেস্টে দলে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াতে। কিন্তু নেট প্র্যাকটিসের সময় বল করা হাতে আরশদীপ চোট পাওয়ায় চতুর্থ টেস্টে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। আর এক পেসার প্রসিদ কৃষ্ণার ওপর টিম ম্যানেজমেন্টের বিশেষ আস্থা আছে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে না চাইলেও, সিরিজ বাঁচাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেও যশপ্রীত বুমরাকে খেলানোর পথে হাঁটা ছাড়া কোনও উপায় থাকছে না ভারতীয় শিবিরের। চিফ কোচ গৌতম গম্ভীর থেকে অধিনায়ক শুভমান গিল এটা বিলক্ষণ বুঝছেন, বুমরাকে বিশ্রাম দিয়ে চতুর্থ টেস্ট হারলে, সিরিজটাই হাতছাড়া হবে। বরং বুমরার মতো স্ট্রাইক বোলারকে খেলিয়ে টেস্টটা জিতলে সিরিজে সমতা ফিরবে। সেক্ষেত্রে পঞ্চম টেস্টে আগে ভাববার সময় মিলবে, বুমরাকে বিশ্রাম দেবেন, না খেলাবেন সিরিজ জিততে।
ভারতীয় ক্রিকেট দলের মেডিকেল টিম জোর চেষ্টা চালাচ্ছে আকাশদীপকে ফিট করে তোলার, যাতে তাঁকে পঞ্চম টেস্টে পাওয়া যায়। আরশদীপের হাতের চোট কেমন থাকে, সেটাও দেখার। সবকিছু বুঝেই শেষ বা পঞ্চম টেস্টে বুমরাকে খেলানো হবে কিনা, সেটা ঠিক করবে ভারতীয় ক্রিকেট দলের থিংক ট্যাংক। এসব কারণে ইনজুরি কভার হিসেবে মিডিয়াম পেসার আনসুল কম্বোজকে দলে ডাকা হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপ নিয়ে এখনও উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি, একমাত্র তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে অল্প রান তাড়া করতে গিয়ে অপ্রত্যাশিত ধ্বসের মুখে পড়া ছাড়া। অবশ্য ঋষভ পন্থের চোটটা ভাবাচ্ছে দলকে। যদিও নেটে উইকেটকিপিং শুরু করেছেন তিনি। তবে প্রয়োজনে উইকেটকিপারের ভূমিকাটা ধ্রুব জুরেল উতরে দিলেও, ব্যাটার ঋষভকে বেশি করে দরকার, দলের ব্যাটিং লাইনের গভীরতা বাড়াতে। আবহাওয়ার পূর্বাভাস, ম্যাঞ্চেস্টার টেস্ট চলাকালীন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে স্লো পিচের চরিত্র যে কোনও সময় বদল ঘটবে। বলের সুইং বাড়বে। সঙ্গে বাউন্স। এটা বুঝেই ম্যাঞ্চেস্টার স্পিন সহায়ক পিচেও ইংল্যান্ড দুজন স্পিনার ব্যবহারের ভাবনা ছেড়ে শেষ টেস্টে চোট পাওয়া শোয়েব বশিরের জায়গায় অলরাউন্ডার লিয়াম ডসনকে দলে রাখছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
