Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সব থেকে সুন্দর স্টেডিয়াম এই ধর্মশালা। সকলেই একবার হলেও খেলতে চান এখানে। চারদিক পাহাড় দিয়ে ঘেরা এই স্টেডিয়ামে খেলার আবার অনেক সমস্যা রয়েছে। কখনও মেঘ নেমে এসে বন্ধ হয়ে যাচ্ছে খেলা আবার কখনও বরফ পড়ার জন্য। কিছুদিন আগেই এমন একটি ঘটনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল খেলা। বেশিদিন আগের কথা নয়। গত বছর শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের ঘটনা। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ছিল ধর্মশালায়। খেলা শুরুও হয়েছিল। কিন্তু মাঝপথে তা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। কারণ, মেঘ নেমে এসেছিল মাঠে। যার ফলে দৃশ্যমানতা কমে গিয়েছিল। স্বাভাবিকভাবেই ম্যাচ বন্ধ করতে বাধ্য হয়েছিল।

এবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচ রয়েছে এই ধর্মশালা স্টেডিয়ামেই। সিরিজের নিরিখে এই ম্যাচ অতটাও গুরুত্বপূর্ণন নয়। কারণ ভারত ইতিমধ্যেই ৩-১-এ সিরিজ জিতে নিয়েছে। শেষ ম্যাচ যে কারণে নিয়মরক্ষারই হওয়ার কথা। কিন্তু এই ম্যাচ বিশ্ব টেস্ট সিরিজের অঙ্গ হওয়ায় সব টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের পয়েন্টও যুক্ত হবে টেস্ট সিরিজের টেবলে। সে কারণে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। তবে শেষ টেস্টের আকাশে এই মুহূর্তে কালো মেঘের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে।

গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ জুড়ে চলছে প্রবল ঠান্ডা। বেশিরভাগ জায়গাতেই তুষারপাতও হচ্ছে। আকাশও মেঘাচ্ছন্ন। তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের নিচে। কনকনে ঠান্ডা। চতুর্থ টেস্টের পর বেশ কয়েকদিন মোহালিতে অনুশীলন করে রবিবার ধর্মশালায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই মোহালিকে বেছে নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মোহালিতে ঠান্ডা থাকলেও ধর্মশালার ঠান্ডা অনেকবেশি।

৭ মার্চ থেকে ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট শুরু হওয়ার কথা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে ওই সময় মেঘলা থাকবে ধর্মশালার আকাশ। যার ফলে দৃশ্যমানতার অভাব প্রকটভাবে দেখা যেতে পারে। যা ম্যাচের জন্য মূল বাধা হয়ে উঠতে পারে। এছাড়া তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে ওই সময়। তাপমাত্রা ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বরফ পড়লে তা হিমাঙ্কের নিচেও নেমে যেতে পারে। খেলার মাঝে যদি তুষারপাত হয় তাহলে খেলা চালানো সম্ভব হবে না। কারণ তাতে মাঠ পিচ্ছিল হয়ে গিয়ে চোট-আঘাতে সমস্যা হতে পারে। নানা দিক থেকে দেখে মনে করা হচ্ছে এই ম্যাচ সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে আবহাওয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *