Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ ছিল কার্যত ফাইনাল। প্রথম দুই ম্যাচের পর ১-১ পরিস্থিতিতেই রবিবার ইন্দোরে খেলতে নেমেছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি এলেও হারতে হল ভারতকে, সঙ্গে সিরিজেও হারের মুখ দেখতে হল। ঘরের মাঠে ওডিআই সিরিজ হেরে শেষ করল ভারত। টস জিতে এদিন প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে নিউজিল্যান্ড থেমেছিল ৩৩৭ রানে। ভারতের জন্য লক্ষ্য ছিল বিশাল, তা নিয়ে কোনও সংশয় ছিল না। তবে শুরু থেকে লড়াই দিয়ে শেষ বেলায় অসহায় আত্মসমর্পণ করল ভারতের লোয়ার অর্ডার। ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ৪১ রানে শেষ ম্যাচ হেরে সিরিজ হেরে গেল ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাট থেকে আসে জোড়া সেঞ্চুরি। যদিও দুই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস দলকে ভরসা দিতে পারেননি। কনওয়ে ৫ ও হেনরি কোনও রান না করেই ফিরে যান। নিউজিল্যান্ডের ২ উইকেট চলে যায় মাত্র দলগত ৫ রানে। তিন নম্বরে ব্যাট করতে নেমে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেওয়ার রাস্তা তৈরি করতে পারেননি উইল ইয়ংও। ৩০ রান করে আউট হন তিনি। ৫৮ রানে ৩ উইকেট থেকে নিউজিল্যান্ডের রানকে ২৭৭-এ পৌঁছে দেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। দু’জনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। আর সেখানেই লেখা হয়ে যায় কিউইদের জয়ের কাহিনী। মিচেল ১৩৭ ও ফিলিপস ১০৬ রান করে ফেরেন।

এছাড়া মিচেল হে ২, জ্যাক ফোকস ১০, ক্রিস্টিয়ান ক্লার্ক ১১ রান করে আউট হন। ২৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ৫০ ওভারে ৩৩৭-৮-এ থামে নিউজিল্যান্ড। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা নড়বড়ে ছিল ভারতের ব্যাটিং কিন্তু দলের রানকে প্রায় ৩০০ রানের কাছাকাছি নিয়ে যান বিরাট কোহলি ও নীতীশ কুমার ও হর্ষিত রানারা। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি ভারত।

ভারতের হয়ে ওপেন করতে নেমে  রোহিত শর্মা ১১ ও শুভমান গিল ২৩ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি। এই সিরিজে তিনি ধারাবাহিক রানের ধারা ধরে রেখেছে‌ন। তাঁর ব্যাট থেকে আসে ১২৪ রান। তবে প্রতিপক্ষের জোড়া সেঞ্চুরির জবাবে ভারতের একটা সেঞ্চুরি যথেষ্ট ছিল না। এর পর শ্রেয়াস আইয়ার ৩ ও কেএল রাহুল ১ রান করে আউট হয়ে যান, যাঁরা গত দুই ম্যাচে দলকে ভরসা দিয়েছিলেন। মিডল অর্ডালে নীতীশ কুমার রেড্ডির  ৫৩ রানের পর লোয়ার অর্ডারে হর্ষিত রানা ৫২ রানের ইনিংস খেলে কিছুটা আশার আলো দেখান। তবে সেটাও যথেষ্ট ছিল না। রবীন্দ্র জাডেজা ১২, মহম্মদ সিরাজ ০ ও কু‌লদীপ যাদব ৫ রান করে আউট হয়ে যান। ৪ রানে অপরাজিত থাকেন অর্শদীপ। কিন্তু ২৪ বল বাকি থাকতেই ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জ্যাক ফোকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক। ২ উইকেট নেন জেডন লেনক্স ও ১ উইকেট কেইল জেমিসনের। ম্যাচের সেরা ও টুর্নামেন্টের সেরা হয়েছেন ড্যারেল মিচেল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *