অলস্পোর্ট ডেস্ক: রাঁচি টেস্ট দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড চাইবে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে। অন্যদিকে ভারতের লক্ষ্য থাকবে এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পোড়ার। যে কারণে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ এতটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচ শুরুর আগে থেকেই পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদিও তা বেশি দূর গড়ায়নি। দু’পক্ষই পিচ নিয়ে আলাদা আলাদা করে তাদের মতামত জানিয়েছে। তবে দিনের শেষে ব্যাটে রান এসেছে ইংল্যান্ডের।
শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শুরুটা যদিও ভাল হয়নি তাঁদের। ভারতের নবাগত বোলার আকাশ দীপের দাপটে প্রথম তিন ব্যাটার ফিরে যান প্যাভেলিয়নে। ৫৭ রানে তিন উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। এক ওভারে দুই উইকেট তুলে নেন আকাশ দীপ। ১০ ওভারে দ্বিতীয় বলে তিনি ফেরান ওপেনার বেন ডাকেটকে। তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নেমে একই ওভারে ফিরে যান ওলি পপ।
ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি ৪২, বেন ডাকেট ১১, ওলি পপ ০, জনি বেয়ারস্টো ৩৮, বেন স্টোকস ৩, বেন ফোকস ৪৭, টম হার্টলি ১৩ রানে ফিরে যান। এই সবের মধ্যেই ব্রিটিশ ব্যাটিংয়ের হাল ধরেন জো রুট। দিনের খেলা শেষের ঘণ্টা বাজার আগেই নামের পাশে সেঞ্চুরি লিখে ফেলেছেন তিনি। ২২৬ বলে ন’টি বাউন্ডারি হাঁকিয়ে ১০৬ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ওলি রবিনসন। তাঁর রান ৩১। প্রথম দিনের শেষে ৯০ ওভারে ইংল্যান্ড ৩০২-৭।
টেস্ট কেরিয়ারের শুরুতেই নজর কেড়ে নিয়েছেন আকাশ দীপ। এই ম্যাচেই তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। জীবনের ঝড়-ঝাপটা সামলে ক্রিকেটে ফিরে আসার পিছনে অনেক বড় স্টোরি থাকলেও আর পিছন ঘুরে তাকানোর জায়গা নেই আকাশ দীপের। অভিষেকের প্রথম দিনই ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারকে প্যাভেলিয়নে ফিরিতে নিজের জাত চিনিয়ে দিয়েছেন তিনি। দুই উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
