অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান ম্যাচের দুর্ধর্ষ ব্যাটিং রাতারাতি বদলে গেল শ্রীলঙ্কা ম্যাচে। একমাত্র রানের ধারা ধরে রাখলেন অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত। এদিনও শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন তিনি। ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে আগের দিনই হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুবমান গিল। এদিন তিনি ১৯ রান করে আউট হয়ে যান। বৃষ্টির ভ্রুকূটির মধ্যেই এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ভারত ৪৯.১ ওভারে ২১৩ শেষ হয়ে যায়। লক্ষ্যে নেমে ৪১.৩ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। ৪১ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
প্রাথমিকভাবে তো প্লেয়ারদের ক্লান্তি। টানা তিন দিন ধরে খেলা চালিয়ে যাওয়া সঙ্গে আবহাওয়া নিয়ে চিন্তা, সব কিছুর প্রভাবই পড়েছে খেলায়। রোহিত, শুবমান রবিবার ব্যাট করতে নেমেছিলেন। সেদিক থেকে দেখতে গেসে তাঁরা দু’জন একদিন বিশ্রাম পেয়েছেন। কিন্তু বিরাট ও রাহুল সোমবার দীর্ঘ সময় ব্যাটিং করেন। আবার মঙ্গলবার তাঁদের নেমে পড়তে হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। এদিন যদিও বিরাট কোহলি জানিয়েছিলেন, তাঁরা যেহেতু নিয়মিত টেস্ট ম্যাচ খেলেন সে কারণে পর পর তিন দিন খেলাটা তাঁদের জন্য অতটাও কঠিন হবে না। তবে গত ম্যাচে যাঁদের ব্যাটে রান এসেছিল এদিন রোহিত ছাড়া তাঁদের ব্যাটে রান এল না।
গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি এদিন মাত্র তিন রানই করেন। তাঁর সঙ্গে সমানতালে ব্যাট চালিয়ে সেঞ্চুরি করা লোকেশ রাহুল ৩৯ রান করে আউট হয়ে যায়। মাঝে নেমে ৩৩ রানের ইনিংস খেলেন ঈশান কিষান। হার্দিক পাণ্ড্যে ৫, রবীন্দ্র জাডেজা ৪, যশপ্রীত বুমরাহ ৫, কুলদীপ যাদব ০, অক্ষর প্যাটেল ৬ রান করে আউট হয়ে যান।
শ্রীলঙ্কার হয়ে পাঁচ উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। চার উইকেট নেন চরিথ আসালাঙ্কা। এক উইকেট নেন মহেশ থিকসানা। ভারতীয় ব্যাটিংয়ের ৪৭ ওভারে ১৯৭-৯-এ বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। খেলা শুরু হতেই শেষ উইকেট হারিয়ে ৪৯.১ ওভারে ২১৩ রানে শেষ ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি শ্রীলঙ্কারও। দলের টপ অর্ডার ফ্লপ করলেও মিডল অর্ডার খেলার হাল ধরার চেষ্টা করে। যেহেতু লক্ষ্যটা নেহাৎই কম ছিল সে কারণে একটা সময় ভাল জায়গায় পৌঁছে যায় দল। মনে হচ্ছিল ম্য়াচ বের করে নেবে লঙ্কানরা। কিন্তু তেমনটা হল না। দলের দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও দিনুথ করুনারত্নে ৬ ও ২ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ১৫ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। এর পর সাদিরা ১৭, চরিথ ২২, ধনঞ্জয় ডি সিলভা ৪১, দাসুন শানাকা ৯ ও মহেশ থিকসানা ২ রান, কাসুন রাজিথা ১, মাথিসা পাসিরারা ০ করে আউট হয়ে যান। লড়াই করেন দুনিথ ওয়েলালাগে। ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।
ভারতের হয়ে বল হাতে প্রায় সকলেই সফল এদিন। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট নেন কুলদীপ যাদব। দু’টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ড্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
