অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দল গত চারমাস পুরোপুরি খেলার বাইরে। তবে আবার নতুন টুর্নামেন্ট খেলতে চলেছে দল। রবিবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত আন্তর্জাতিক টি২০ সিরিজ খেলতে নামবে। টি২০ শেষ হওয়ার পর ১৬ জুলাই থেকে ওডিআই সিরিজ শুরু হবে।
হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে ভারত সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপ খেলেছিল। যেখানে নকআউট পর্বে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতের মেয়েদের। এখনও বড় সাফল্যের খোঁঝে ভারতের মেয়েরা। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় মহিলা দলের সদস্যরা অনেক সময় পান দু’টি সিরিজ বা টুর্নামেন্টের মাঝে কিন্তু খেলায় তেমন বড়সর কোনও উন্নতি দেখা যায় না। দলকে ফিটনেস, বোলিং এবং ছোট ফর্ম্যাটের খেলায় ফিনিশারের অভাব-সহ বিভিন্ন দিকগুলিতে উন্নতি করতে হবে।
শেষ একবছরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সেরা পারফর্মেন্সের তালিকায় রয়েছে দুটো নামই, তাঁরা হলেন পেসার রেণুকা ঠাকুর এবং উইকেট কিপার রিচা ঘোষ। কিন্তু তাঁরা চোটের কারণে বাংলাদেশ সফরে দলে থাকতে পারেননি। ফলে নতুনদের উপরেই ভরসা রাখতে হয়েছে টিম ম্য়ানেজমেন্টকে।
রিচার অনুপস্থিতিতে দীপ্তি শর্মা ফিনিশারের ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। পূজা ভাস্কর এবং আমনজ্যোতকে ইনিংসের শেষের দিকে খেলানো হবে।
উইকেটকিপিং বিকল্প হিসেবে ইয়াস্তিকা ভাটিয়া এবং উমা ছেত্রিকে ভাবা হয়েছে। ইয়াস্তিকাকে প্রথম ম্যাচ থেকেই হয়তো উইকেটের পিছনে দেখা যাবে। ভারতের কাছে বাংলাদেশ খুব একটা কঠিন চ্যালেঞ্জ নয়। তবে চাপ থাকবে ওপেনার শাফালি ভার্মার উপর। বাঁ হাতি স্পিনার রাধা যাদব এবং রাজেশ্বরী গায়কোয়াড়ের অনুপস্থিতিতে ২০ বছর বয়সী অনুশা বেরদি এবং রাশি কানোজিয়াকে খেলানো যেতে পারে।
তবে এই সিরিজটি পেসার মনিকা পাটেলের জন্য কামব্যাক সিরিজ হতে পারে। নওশিন আল খাদির, যিনি ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিতিয়েছিলেন, তিনি অমল মজুমদারের সঙ্গে সহ কোচ হিসেবে থাকবেন।
ভারতীয় দল বাংলাদেশে যাওয়ার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। খেলা শুরুর আগে হরমনপ্রীত বলেন, ‘‘বাংলাদেশ খুব ভাল দল, তারা সবসময়ই তাদের ঘরের মাঠে ভাল খেলে। আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
