অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ ১৯৮৩ ভারত কপাল জোরে জিতেছিল, এমনটাই মনে করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ পেসার অ্যান্ডি রবার্টস। পরপর দু’বার ১৯৭৫ এবং ১৯৭৯-তে বিশ্বকাপ জেতার পর ১৯৮৩-র বিশ্বকাপে জিততে পারলে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। তবে ফাইনালে বদলে যায় সেই ছবি। ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। এই প্রসঙ্গে রবার্টস বলেছেন বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের একজন ক্রিকেটারের মধ্যেও কোন বিশেষত্ব তিনি দেখতে পাননি।
একটি টকশো-তে রবার্টস বলেছেন, “আমরা সবাই দারুণ ফর্মে ছিলাম। কিন্তু একটা বাজে ম্যাচ সব শেষ করে দেয়। ১৯৮৩-র ম্যাচটা ভারত কপাল জোরে জিতেছিল। সেবারও আমাদের দল শক্তিশালী ছিল। তবে দু’টি ম্যাচই আমরা হেরে গিয়েছিলাম এবং দু’টিই ভারতের কাছে। বিশ্বকাপের কয়েকমাস পর আমরা ভারতকে ৬-০-তে হারিয়েছিলাম। সুতরাং বোঝাই যাচ্ছে বিশ্বকাপে ভাগ্য ভারতের সহায় ছিল। ১৮০ রানে ভারত শেষ হয়ে যাওয়ার পরও ভাগ্য তাদের সঙ্গে ছিল। আমরা খারাপ খেলিনি। আমরা শুধু হেরে গিয়েছিলাম। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা আত্মতুষ্টি কখনই গ্রাস করেনি।“
কোনও ভারতীয় ব্যাটারের ব্যাটিং রবার্টসকে প্রভাবিত করতে পারেনি। তিনি স্পষ্টভাবে বলেছেন, “কোনও ভারতীয় ব্যাটারের ব্যাটিং আমাকে খুশি করতে পারেনি। কেউ অর্ধশতরানও করেনি। কোনও বোলার পাঁচটি উইকেটও নেয়নি। কেউ চারটি উইকেটও পায়নি। ব্যক্তিগতভাবে ভারতীয় দলের কারও খেলাই আমাকে মুগ্ধ করতে পারেনি। কোনও ব্যাটসম্যান তখনই নজরে আসে যখন সে একটি দুরন্ত ইনিংস খেলতে সক্ষম হয়। ভারতীয় দলের কারও মধ্যেই আমি সেরকম কিছু দেখতে পাইনি।“
রবার্টস মনে করেন ভিভ রিচার্ডসের টস হেরে যাওয়ায় পুরো ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল তাঁদের। এই প্রসঙ্গেও তিনি বলেন, “আমি মনে করি যখনই ভিভ টস হেরে গেল, দলের হারও সেখানেই হয়ে গিয়েছিল। ১৯৭৫, ১৯৭৯-এর বিশ্বকাপ এবং ১৯৮৩-এর বিশ্বকাপের মধ্যে একমাত্র পার্থক্য ছিল এটাই আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলাম।“
বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করার সুযোগ নিয়েছিল ভারত। তবে ভারতের ইনিংস শেষ হয়ে গেছিল মাত্র ১৮৩ রানে। সর্বোচ্চ রান করেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ৫৭ বলে ৩৮ রান করেছিলেন তিনি। মহেন্দর অমরনাথ করেছিলেন ২৭ বলে ২৬। জবাবে ৪৩ রান কম করেই থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। অমরনাথ ও মদনলালের তিন উইকেটর দৌলতে ধসে যায় ক্যারিবিয়ানদের ব্যাটিং। আর সেখানেই ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেয় ভারত।
সম্প্রতি ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা একত্রিত হয়েছিলেন বিশ্বকাপ জয়ের ৪০ বছর উপলক্ষে। তবে বিশ্বকাপ জয়ের ৪০ বছর পরও ভারতের জয় মেনে নিতে পারেননি অ্যান্ডি রবার্টস। তা তাঁর এই মন্তব্যেই স্পষ্ট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
