মোট আয়ের ৪০ শতাংশ পাবে ভারত। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ কোনও ‘বিগ থ্রি’ নয়, বিশ্ব ক্রিকেটে একটি বোর্ডই ‘বিগ’ থাকতে চলেছে। সেটা হল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছরের (২০২৪ থেকে ২০২৭ সাল) পর্যন্ত বিভিন্ন সদস্য দেশগুলির বোর্ডের সঙ্গে আয় বণ্টনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে ভারতীয় বোর্ডের ধারেকাছেও নেই অন্য কোনও বোর্ড। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী চার বছরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার যা আয় হবে, সেটার প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় বোর্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,০০০ কোটি টাকা)। ভারতের সঙ্গে এতদিন যে দুটি দেশকে ‘বিগ থ্রি’ তালিকায় রাখা হত, সেই দুটি দেশের বরাদ্দের ভাগ সাত শতাংশও পার করেনি। পাকিস্তান, বাংলাদেশের মতো অন্যান্য সদস্য দেশগুলি যে অর্থ পাবে, তা একেবারে নগণ্য।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী চার বছর আইসিসির ঘরে যে রাজস্ব ঢুকবে, সেটা বিভিন্ন দেশের মধ্যে কীভাবে ভাগ করে দেওয়া হবে, তা নিয়ে একটি মডেল তৈরি করা হয়েছে। ওই প্রস্তাবিত মডেল অনুযায়ী, প্রতি বছর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যে অর্থ উপার্জন করবে, সেটার বার্ষিক ২৩১ মিলিয়ন মার্কিন ডলার পাবে বিসিসিআই (ভারতীয় মুদ্রায় প্রায় ২,০০০ কোটি টাকা)। যা শতাংশের বিচারে ৩৮.৫। অর্থাৎ বাকি ক্রিকেট বিশ্বকে আয়ের মাত্র ৬১.৫ শতাংশ দেবে আইসিসি। যে তালিকায় আছে ১০ টি পূর্ণ সদস্য দেশ (ভারত ছাড়া ১০ টি পূর্ণ সদস্য দেশ) এবং অ্যাসোসিয়েট দেশগুলি।
এমনিতে প্রস্তাবিত মডেল অনুযায়ী ভারতীয় বোর্ড যে অঙ্কটা পাবে, সেটার ধারেকাছেও নেই অন্য কোনও বোর্ড। ওই প্রতিবেদন অনুযায়ী, আয়ের ভাগ পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রস্তাবিত মডেল অনুযায়ী, বছরে আইসিসির আয়ের ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার পাবে বেন স্টোকসদের বোর্ড। যা শতাংশের বিচারে ৬.৮৯। তৃতীয় স্থানে থাকবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। বছরে আয়ের ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার দেবে আইসিসি (৬.২৫ শতাংশ)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
