অলস্পোর্ট ডেস্ক: ৪৫ দিন ধরে দেখা একটা স্বপ্ন। যে স্বপ্নকে আরও উসকে দিয়েছিল এই দলটির অসাধারণ পারফর্মেন্স। সব রাতারাতি ভেঙে চুড়মাড় হয়ে গেল। সঙ্গে কোটি কোটি মানুষের হৃদয়ও ভেঙে গেল। হতাশায় ডুব দিল পুরো ভারতীয় ক্রিকেট দল । ম্যাচ শেষ হতেই মুখ ঢেকে মাঠেই বসে পড়লেন লোকেশ রাহুল। কেঁদে ফেললেন মহম্মদ সিরাজ। রোহিত শর্মার চোখের কোণাটাও চিক চিক করছিল। টুপিতে মুখ ঢাকলেন বিরাট কোহলি। গোটা স্টেডিয়ামে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে। থমকে গিয়েছে একটা পুরো দেশ।
কত আয়োজন, কত পরিকল্পনা, কত কষ্ট করে ছুটে যাওয়া, টিকিট জোগার করা—আজ সব বৃথা। এই বিশ্বকাপ ফাইনাল ঘিরে গোটা আহমেদাবাদ শহরের হোটেলের দাম আকাশ ছুঁয়েছিল। আহমেদাবাদগামী সব বিমানের ভাড়া ছিল ধরা-ছোঁয়ার বাইরে। ট্রেনে ছিল না তিলধারনের জায়গা। দুর্গাপুজোর সঙ্গে যে উৎসব শুরু হয়েছিল তা দিওয়ালি হয়ে মনে করা হয়েছিল শেষ হবে বিশ্বকাপ ফাইনালে। কিন্তু সেটা হল না।
তবে ভারতীয় ক্রিকেট দল যে তার ফ্যানদের ভোলেনি সেটা প্রমান করে দিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানানো হল। সেই পোস্টে লেখা হয়েছে, ‘‘সবাইকে ধন্যবাদ তাদের ধারাবাহিক সমর্থনের জন্য।’’
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২৪০ রানে থামে ভারত। ভারতের হয়ে বিরাট কোহলি ৫৪ ও লোকেশ রাহুল ৬৬ রান করেন। তবে জয়ের জন্য সেটা যথেষ্ট ছিল না। সহজেই এই ম্যাচ জিতে ষষ্ঠ বিশ্বকাপ দেশে নিয়ে গেল অজিরা। ভারত অদিনায়ক রোহিত শর্মা মেনে নিলেন, এদিন তাঁরা তাঁদের সেরাটা দিতে পারেননি।
রোহিত বলেন, ‘‘ফল আমাদের দিকে আসেনি। আজকে আমরা সেরাটা দিতে পারিনি। আমরা সবকিছু চেষ্টা করেছিলাম কিন্তু তা যথেষ্ট ছিল না। ২০-৩০ রান আরও থাকলে ভাল হত। কেএল ও কোহলি একটা ভাল পার্টনারশিপ দিয়েছিল। আমরা ২৭০-২৮০ হবে ভেবেছিলাম কিন্তু উইকেট হারাতে শুরু করি। যখন তোমাদের রান ২৪০ তখন উইকেট নেওয়াটা জরুরি কিন্তু হেড আর লাবুশাগনেকে কৃতিত্ব দিতে হবে তাঁদের পার্টনারশিপের জন্য। যারা আমাদের ম্যাচ থেকে পুরোপুরি ছুঁড়ে ফেলল।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা সব কিছু চেষ্টা করেছিলাম কিন্তু আলোতে ব্যাট করার জন্য উইকেট ভাল ছিল। যদিও এটা কোনও অজুহাত হতে পারে না। আমরা জানতাম আলোতে ব্যাট করার জন্য এটা কিছুটা ভাল হবে। আমরা যথেষ্ট রান করতে পারিনি।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
