ভারতীয় ক্রিকেট দল খেলল ২০০ টি২০
অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান -এর পর দ্বিতীয় আন্তর্জাতিক দল হিসেবে ২০০ টি২০ খেলার কৃতিত্ব অর্জন করল ভারতীয় ক্রিকেট দল । বৃহস্পতিবার শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ। তারৌবাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচ হেরে গেলেও আন্তর্জাতিক কৃতিত্ব অর্জন করল ভারত। এদিনের ম্যাচ খেলতে নেমে তাঁরা দ্বিতীয় আন্তর্জাতিক দল হিসেবে ২০০ টি২০ ম্যাচ খেলার রেকর্ড ছুঁলো। ২২৩ টি২০ ম্যাচ খেলে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। এবার পাকিস্তানের পরেই তালিকায় জায়গা করে নিল ভারত।
সম্প্রতি ওডিআই সিরিজে ২-১ এ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন ওপেনার ঈশান কিষান এবং শুবমান গিল। তাঁদের নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। তিনি যখন বোলিং-এর বিকল্প ভাবছেন তখন শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদবের বোলিং তাঁকে মুগ্ধ করে।
বৃহস্পতিবার টি২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পরে ব্যাট করতে নেমে হেরে যায় ভারত। এবারের ভারতীয় দলে দেখা গিয়েছে অনেক নতুন মুখ। এই সফরে পেসার মুকেশ কুমারের টি২০ অভিষেক হল। এর আগে এই সফরেই ভারতীয় দলের হয়ে ওয়ান ডে এবং টেস্টেও অভিষেক হয়েছে তাঁর।
টসের সময় অধিনায়ক পাণ্ড্যে বলেন, ‘‘আমাদের পরিকল্পনা অনুযায়ী পুরো সফরটা হচ্ছে। কিছু নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে দলে। তবে পরের বার যখন আসব আমরা পুরোপুরি তৈরি হয়েই আসব। আমি চেষ্টা করছি সবকিছু খুব সহজ রাখার। আমার কাছে এটা দলের উন্নতি করার সুযোগ। আমি মনোযোগ দিচ্ছি খেলার পদ্ধতিতে। হয়ত আমরা কিছু ম্যাচ জিতব বা হারব। তাতে কোনও সমস্যা নেই। পুরো ব্যাপারটাই আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। উমরান ও বিষ্ণোই দলে ছিল না। তাঁর বদলে দলে তিনজন স্পিনার রাখা হয়েছে। ’’
‘‘আমরা প্রথমে ব্যাট করতে নামছি। মনে হচ্ছে পিচ খুব শুকনো। ভারতীয় দলে অনেক স্পিনার আছে। দেখা যাক কীভাবে আমরা তাঁদের মোকাবিলা করি। আমাদের দলের খেলোয়াড়রাও যথেষ্ট আত্মবিশ্বাসী নিজেদের পারফর্ম্যান্সের ব্যাপারে। আমরা আমাদের খেলার কৌশলে পুরো পরিবর্তন আনিনি। আমরা এখনও বাউন্ডারি মারায় বিশ্বাসী এবং চেষ্টা করবো বিপক্ষ দলের সামনে রানের বড় টার্গেট রাখতে। আমরা আমাদের সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছি,’’ টসে জেতার পর বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।
এই সিরিজে ভারতীয় দলে খেলছেন, শুবমান গিল, ঈশান কিষান, সূর্য্কুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শ্বদীপ সিং এবং মুকেশ কুমার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
